
শেষ আপডেট: 14 July 2023 06:12
দ্য ওয়াল ব্যুরো: বৈদ্যবাটি রেলগেটে চলন্ত ট্রেন থেকে পড়ে গেলেন এক যাত্রী (Baidyabati rail accident)! ঘটনায় এলাকায় বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। আরপিএফ-কে ঘিরে চলে বিক্ষোভ। আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচলও সাময়িক বন্ধ হয়ে যায়। পরে ওই যাত্রীকে তুলে শ্রীরামপুর ওয়ালস হাসপাতালে যাওয়া হলে ট্রেন চলাচল শুরু হয়।
জানা গেছে, আজ, শুক্রবার সকাল সাতটা নাগাদ হাওড়াগামী লোকাল থেকে পড়ে যান ওই যাত্রী। অভিযোগ, তার পরেও তাঁকে উদ্ধার করেনি রেলপুলিশ। এই নিয়েই রেলগেট লাগোয়া কেবিনের সামনে ক্ষোভ দেখাতে থাকেন বিক্ষোভকারীরা। ফলে সকালের ব্যস্ত সময়ে হাওড়া-বর্ধমান মেন শাখায় ব্যাহত হয় ট্রেন পরিষেবা। ভোগান্তিতে পড়েন নিত্যযাত্রীরা।
ওই ট্রেনে থাকা যাত্রীদের দাবি, ট্রেনে অত্যধিক ভিড় ছিল। ভিতরে ঢুকতে না পেরে, গেটে ঝুলছিলেন ওই যাত্রী, ঠেলাঠেলিতে পড়ে যান তিনি। পরে গুরুতর জখম অবস্থায় তাঁকে শ্রীরামপুর ওয়ালশ হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনার পরেই স্থানীয়দের একাংশের ক্ষোভ গিয়ে পড়ে রেল কর্তৃপক্ষের উপরে। তাঁরা অভিযোগ তোলেন, ব্যস্ত সময়ে ট্রেনগুলি লেট করার কারণেই এত ভিড় হচ্ছে।
কিছু পরে রেল পুলিশ গিয়ে বিক্ষোভকারীদের শান্ত করে। তার পরে ধীরে ধীরে স্বাভাবিক হয় রেল পরিষেবা।
নন্দীগ্রামে তৃণমূল সমর্থক মহিলাকে গাছে বেঁধে মারার অভিযোগ বিজেপির বিরুদ্ধে! কী বললেন শুভেন্দু