
শেষ আপডেট: 12 June 2023 06:31
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনা: বিতর্কিত মন্তব্য ও ঝামেলার জন্য ভোটের বাজারে যে আরাবুলের নাম প্রায়ই শিরোনামে উঠে আসে, তিনিই কেমন বদলে গেলেন! পঞ্চায়েত ভোটের আগে আরাবুল বলছেন, “মারপিট করার দরকার নেই, দেওয়াল লিখনকে কেন্দ্র করে সারা ভাঙড়ে যেন কোনও অশান্তি না হয়।”
আসলে তৃণমূলের একটি দেওয়াল দখল করার অভিযোগ উঠেছিল আইএসএফের বিরুদ্ধে। ভাঙড়ের মাঝেরহাট গ্রামে আইএসএফ বিধায়ক নওশাদ সিদ্দিকির ভাড়া বাড়ি। এই এলাকাতেই ‘ভোট ফর তৃণমূল’ লেখা দেওয়াল মুছে দিয়ে জোর করে ‘ভোট ফর আইএসএফ’ লিখে দেওয়ার অভিযোগ উঠেছে আইএসএফের কর্মীদের বিরুদ্ধে। যদিও আইএসএফ নেতা আসাদুল মোল্লা তাঁদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেন। তিনি বলেন, “২০২১ এর ভোটে যে যে দেওয়ালে আমরা লিখেছিলাম সেই দেওয়ালেই আমরা লিখব। বাড়ি মালিকের অনুমতি নিয়েই দেওয়াল লিখছি।”
ঘটনা প্রসঙ্গে তৃণমূল নেতা আরাবুল ইসলাম বলেন, “আমি খবর পেয়েছি। একটা জায়গায় দেওয়াল লিখে আইএসএফের যদি শান্তি হয় ওরা করুক। আমাদের ছেলেরা তৈরি ছিল। আমি বলেছি মারপিট করার দরকার নেই। গণ্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল। আমি বলেছি একটা দেওয়ালকে কেন্দ্র করে সারা ভাঙড়ে যেন কোনও অশান্তি না হয়।”
আরাবুলের এমন বক্তব্যে হতবাক অনেকেই। শনিবারই আইএসএফকে কেন মনোনয়নের ফর্ম দেওয়া হল, এই প্রশ্ন তুলে সরকারি অফিসারকে মারধরের অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। ভাঙড় ২ ব্লক অফিসে চালতাবেড়িয়া অঞ্চলের আইএফএফ নেতা সাইম কাদিরকে মনোনয়নের ফর্ম দেওয়ায় আক্রান্ত হয়েছিলেন বিডিও অফিসের স্টাফ বিদ্যুৎ ঘোষ। অভিযোগের আঙুল উঠেছিল চালতাবেড়িয়া অঞ্চলের তৃণমূল নেতা রাজ্জাক মোল্লার বিরুদ্ধে। যদিও বিধায়ক শওকত মোল্লা পুরো বিষয়টি তৃণমূলের বিরুদ্ধে চক্রান্ত বলে পাল্টা অভিযোগ করেন।
কিন্তু বিরোধীদের অভিযোগ, ভাঙড় ২ বিডিও অফিসে যখন মনোনয়নের কাজ চলছিল তখন বিডিও অফিসের অন্য ঘরে বসে প্রার্থী বাছাই করছিলেন সওকত মোল্লা-আরাবুল ইসলামরা। আর বিডিও অফিস কার্যত ছিল তৃণমূলের দখলে। জায়গায় জায়গায় মনোনয়ন ঘিরে তৃণমূলের বিরুদ্ধে অশান্তি পাকানোর অভিযোগ ওঠার পরে ওইদিনই দলের কর্মী সমর্থকদের সংযত থাকতে বলেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষও বলেছিলেন, সবাই যাতে মনোনয়ন দিতে পারে তা নিশ্চিত করবে দল। তারই প্রাথমিক প্রতিক্রিয়ায় আরাবুলের পাল্টে যাওয়া কিনা তা অবশ্য ভবিষ্যতই বলবে।
পঞ্চায়েতের মনোনয়নের মেয়াদ ১ দিন বাড়ানো যেতে পারে, কোর্টে বলল কমিশন