দ্য ওয়াল ব্যুরো: এবার জেলার পঞ্চায়েত প্রধানদের এবং দলের অঞ্চল সভাপতিদের সরাসরি হুঁশিয়ারি দিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেস সুপ্রিমো অনুব্রত মণ্ডল। শুধু তাই নয়, কথা প্রসঙ্গে তিনি দলীয় কর্মীদের হয়ে ক্ষমাও চেয়ে নেন সাধারণ মানুষের কাছে। স্পষ্ট বার্তা দেন, কোনও ঔদ্ধত্য মেনে নেওয়া হবে না। অহংকারকে প্রশ্রয় দেওয়া হবে না।
রবিবার বীরভূমের সাঁইথিয়াতে একটি কর্মী সম্মেলনে বক্তব্য রাখতে গিয়ে তিনি বলেন, "আজকে যাঁরা অঞ্চল প্রেসিডেন্ট আছেন বা প্রধান আছেন তাঁ যদি ভেবে নেন আমরাই অঞ্চলের সব, তাহলে না মানুষ মানবে, না দল। মানতে পারে না দল। আপনি সবার প্রধান।আপনি এলাকার প্রধান। আপনাদের সব শ্রেণির মানুষদের নিয়ে চলতে হবে। আপনি কোনও ভেদাভেদ করতে পারেন না। আপনাকে মানুষ বসিয়েছে ওই চেয়ারটায়। তাহলে কি আপনি ওদের কথা শুনবেন না! আমি জানি আপনি ওই কাজ করতে পারবেন না। আপনি যদি কথা না শোনেন, মানুষ মানবে না। আমরাও মানব না।"
পাশাপাশি অনুব্রত মণ্ডল সাধারণ মানুষের উদ্দেশে আরও বলেন, "কেউ একজন মানুষও দাঁড়িয়ে বলতে পারবেন, মমতা ব্যানার্জী খারাপ কাজ করেছে? আমি দলের পক্ষ থেকে বলছি যদি আমার দলের কোনও কর্মী অন্যায় করে থাকে, আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এটা পঞ্চায়েতের ভোট নয়। জেলা পরিষদের ভোট নয়। এটা মিউনিসিপ্যালিটির ভোট নয়। এটা মা-মাটি-মানুষের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ভোট।"
অনুব্রতর দাবি, বাংলায় যদি মমতা ব্যানার্জী ক্ষমতায় না থাকেন তাহলে বাংলায় আবার অন্ধকার নেমে আসবে। আবার অশান্তি হবে। ৩৪ বছর বামফ্রন্ট কাজ করেনি। কোনও উন্নয়ন করেনি, কোনও চাকরি-বাকরি দেয়নি। মমতা ব্যানার্জী এত কাজ করেও যদি ভোট না পান, তবে তা দুর্ভাগ্য।
তিনি আবারও জোর দিয়ে বলেন, "আমার অঞ্চল সভাপতি ভুল করতে পারে, প্রধান ভুল করতে পারে, ব্লক সভাপতি ভুল করতে পারে। আমি দলের তরফ থেকে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। এ ভোট আমার ভোট নয়। এটা মমতা ব্যানার্জীর ভোট। কেউ মুখ ফিরিয়ে নেবেন না। সবাই মিলে ক্ষমা চেয়ে এক জায়গায় হয়ে যান। যদি আপনাদের ক্ষমা চাইতে অসুবিধা হয়, আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।"