
শেষ আপডেট: 20 November 2022 07:01
দ্য ওয়াল ব্যুরো: গরু পাচার মামলায় (Cattle smuggling case) ইতিমধ্যে অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) আসানসোল হাসপাতালে জেরা করেছে ইডি। তাঁকে গ্রেফতার করার জন্য আদালতে আবেদনও জানিয়েছে। ইডি সূত্রে বলা হচ্ছে, অনুব্রতর দেহরক্ষী সায়গল হোসেন এবং গরু পাচার মামলায় অন্যতম অভিযুক্ত এনামুল হকের মতো কেষ্টকেও দিল্লিতে নিয়ে গিয়ে জেরা করতে চায় তারা। তার ঠিক আগেই বুকে ব্যথা (chest pain) নিয়ে রবিবার আসানসোলের জেলা হাসপাতালে ভর্তি হলেন অনুব্রত মণ্ডল। তাঁর সর্দি, কাশিও হয়েছে বলে খবর।

অনুব্রতর অসুস্থতার খবর ছড়াতেই প্রশ্ন উঠেছে, এই অসুস্থতা কি কাকতালীয়?
এর আগে গরু পাচার মামলায় সিবিআই অনুব্রতকে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ ধরালে দীর্ঘ সময় এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডে ভর্তি ছিলেন তিনি। পরে সিবিআইকে একবার চিঠি দিয়ে অনুব্রত জানিয়েছিলেন, তাঁর অণ্ডকোষে সাইনাস হয়েছে। বিরোধীদের অভিযোগ ছিল, এ ভারে শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ এড়িয়েছিলেন কেষ্ট মণ্ডল। তবে শেষরক্ষা হয়নি। শেষমেশ তাঁকে গ্রেফতার করে সিবিআই।
রবিবার সকালে অনুব্রতর শরীর খারাপের খবর চাউর হতেই তাই কৌতূহল তৈরি হয়েছে। সোমবার দিল্লির রাউজ আভেনিউ আদালতে অনুব্রতকে রিমান্ডে নেওয়ার ব্যাপারে আবেদন জানাতে পারে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তার আগেই এ ঘটনা ঘটল।
অনুব্রতর মেয়েকেও দিল্লিতে ডেকে জেরা করেছে ইডি। টানা তিন দিন ধরে জেরা করা হয় সুকন্যা মণ্ডলকে। তবে তাঁকে আটক বা গ্রেফতার করা হয়নি। কিন্তু অনুব্রত দিল্লি গেলে তাঁকে আপাতত কলকাতায় ফেরানো হবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে। তৃণমূলের একাংশের অভিযোগ, অনুব্রতকেও তিহারে বন্দি করার ষড়যন্ত্র করা হচ্ছে। পঞ্চায়েত ভোটের আগে কেষ্ট মণ্ডলকে বাংলা ছাড়া করতেই এই সব ছক করেছে বিজেপি ও ইডি।