
শেষ আপডেট: 19 July 2023 06:25
দ্য ওয়াল ব্যুরো, হাওড়া: পঞ্চায়েত ভোটে (panchayat polls) হিংসার খোঁজ নিতে মঙ্গলবার উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় গিয়েছিলেন বিজেপির মহিলা সদস্যরা (BJP women MP)। বুধবার সকাল সকালই তাঁরা পৌঁছে গেলেন হাওড়ার আমতায়। সেখানে গ্রামবাসীদের সঙ্গে কথা বলেন। শোনেন মহিলাদের অভিযোগও।
ভোটের পরে আমতার (Amta) বিভিন্ন পঞ্চায়েতে বিজেপি কর্মীদের উপর আক্রমণের অভিযোগ (complaints) ওঠে। তাঁদের বাড়িঘর পুড়িয়ে দেওয়ার অভিযোগ ওঠে শাসকদলের বিরুদ্ধে। বুধবার সকালে আমতা বিভিন্ন পঞ্চায়েতে পরিস্থিতি ঘুরে দেখেন রমা দেবী, কবিতা পাতিদার, অপরাজিতা ষড়ঙ্গী, সন্ধ্যা রায় এবং সরোজ পাণ্ডে। সর্বত্রই মহিলা সাংসদদের কাছে শাসকদলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন গ্রামবাসীরা। ভোটের আগে থেকে কীভাবে তাঁদের উপর আক্রমণ চলছে তাঁর বিবরণ দেন। অভিযোগ করেন, ভোট মিটলেও এখনও শান্তি ফেরেনি। পুলিশের কাছে গিয়েও ফল মিলছে না বলে অভিযোগ করেন তাঁরা।
আক্রান্তদের সঙ্গে কথা বলে সাংসদ রমাদেবী বলেন, “গরীব মানুষদের বাড়িঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মহিলারাও আক্রমণের হাত থেকে রক্ষা পাচ্ছেন না। এই জিনিস চলতে পারে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে দেখে মমতাদির শেখা উচিত।”
পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোট পর্বের হিংসার অভিযোগ খতিয়ে দেখতে আগেই রাজ্যে আসে বিজেপির একটি তথ্যানুসন্ধান কমিটি। চার সদস্যের ওই কমিটিতে ছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা বিজেপি সাংসদ রবিশঙ্কর প্রসাদ, বিজেপি সাংসদ তথা মুম্বই পুলিশের প্রাক্তন কমিশনার সত্যপাল সিংহ, বিজেপি সাংসদ রাজদীপ রায়, বিজেপির জাতীয় সহ-সভাপতি তথা সাংসদ রেখা বর্মা।
এরপরেই সোমবার দ্বিতীয় তথ্যানুসন্ধান দলটি এসেছে রাজ্যে। এই দলে রয়েছেন বিজেপির লোকসভা এবং রাজ্যসভার মোট পাঁচজন মহিলা সাংসদ। দলের নেতৃত্বে রয়েছেন সরোজ পাণ্ডে। রাজ্যসভার সাংসদ সরোজ এর আগে বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন। বিজেপি সূত্রে খবর, দলের সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার নির্দেশেই বাংলায় এসেছে ওই দল।
দিঘার সমুদ্র প্রাণ কাড়ল কলেজ ছাত্রের, সন্ধেবেলা স্নান করতে নেমে বিপত্তি