
শেষ আপডেট: 29 February 2024 23:43
দ্য ওয়াল ব্যুরো: পুরুলিয়ার কোটশিলার পর এবার মালদহের যাত্রাডাঙা। তল্লাশি অভিযানের নামে গ্রামে ঢুকে জনজাতির মহিলাদের শ্লীলতাহানি করার অভিযোগ আবগারি দফতরের আধিকারিকদের বিরুদ্ধে।
ঘটনার প্রতিবাদে এলাকার মহিলারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়। খবর পেয়ে পুলিশ গিয়ে উপযুক্ত তদন্তের আশ্বাস দিয়ে পরিস্থিতি আয়ত্তে আনে। আবগারি দফতরের কর্তাদেরও উদ্ধার করে পুলিশ।
পুরুলিয়ার কোটশিলায় অবশ্য নির্যাতনের অভিযোগ উঠেছিল কোটশিলা থানার স্বয়ং ওসির বিরুদ্ধে। অভিযোগ, গত ১৮ ফেব্রুয়ারি কোটশিলা থানার বড়রোলা গ্রামে তল্লাশি অভিযানে গিয়ে গ্রামের জনজাতির মহিলাদের শ্লীলতাহানি করেন অভিযুক্ত অফিসার। তদন্তে নেমে গত ২১ তারিখ কোটশিলা থানার ওসিকে ক্লোজ করেন জেলার পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।
এবার মালদহে একই অভিযোগ উঠল আবগারি দফতরের আধিকারিকদের বিরুদ্ধে। অভিযোগ, বেআইনি মদ বিক্রির অভিযোগে এদিন মালদহের যাত্রাডাঙা গ্রামে যায় আবগারি দফতরের আধিকারিকরা। তল্লাশি অভিযানের নামে জনজাতির এক মহিলার ব্লাউজ ছিঁড়ে দেওয়ার অভিযোগকে ঘিরে এলাকায় উত্তেজনা তৈরি হয়। এরপরই অভিযুক্ত আধিকারিকদের আটকে রেখে সড়ক অবরোধ করেন গ্রামবাসীরা। পুলিশ জানিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।