
শেষ আপডেট: 5 July 2023 17:01
দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে বাড়িতে পৌঁছে যাবে রেশন। সরকারের প্রতিনিধিরাই তা পৌঁছে দেবেন। পঞ্চায়েত ভোটের আগে বর্ধমানের জনসভা থেকে ঘোষণা করলেন তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্য়োপাধ্যায় (Abhishek Banerjee)। একুশের বিধানসভা ভোটের আগে তৃণমূলের তরফে ঘোষণা করা হয়ে, তাদের সরকার পুনরায় নির্বাচিত হলে বাংলায় দুয়ারে রেশন (Duare Ration) প্রকল্প শুরু করা হবে। যদিও ভোটের পরে সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি নানা কারণে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন, আগামী ৬ মাসের মধ্যে চালু হয়ে যাবে দুয়ারে সরকার প্রকল্প। ঘরে ঘরে রেশন পৌঁছে দেবেন সরকারের প্রতিনিধিরা।
বুধবার পূর্ব বর্ধমানের বৈদ্যপুর রামকৃষ্ণ বিদ্যাপীঠের খেলার মাঠে জনসভা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ওই সভা থেকেই তিনি প্রতিশ্রুতি দেন, দুয়ারে সরকার নিয়ে যে আইনি জটিলতা ছিল, তা মিটে গেছে। আগামী ছয় মাসের মধ্যেই প্রকল্পের কাজ শুরু হয়ে যাবে। প্রসঙ্গত, ‘দুয়ারে রেশন’ প্রকল্প খাদ্যের অধিকার আইনের পরিপন্থী, তাই বন্ধ করার নির্দেশ দিয়েছিল হাইকোর্ট। সেই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার। অবশেষে এই মামলায় স্বস্তি পেয়েছে রাজ্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, গত দু'বছর ধরে রেশন ডিলাররা এই প্রকল্প বন্ধ করার জন্য সুপ্রিম কোর্ট, হাইকোর্টের চক্ক কাটে। ফলে নানা আইনি জটিলতায় প্রকল্পের কাজ শুরু করা যায়নি। কিন্তু আড়াই মাস আগে সেইসব আইনি সমস্যার সমাধান হয়ে গেছে।
ক্যানসার আক্রান্ত বিজেপি প্রার্থীকে মার, অভিযুক্ত ওসিকে সব মামলার তদন্ত থেকে সরাল হাইকোর্ট
জনসভা থেকে অভিষেক ঘোষণা করেন, "আমি আপনাদের কথা দিচ্ছি, আগামী ৬ মাসের মধ্যে কোনও জায়গা থেকে নয়, কোনও পাড়ার মোড় থেকে নয়, কোনও গ্রামের চায়ের দোকান থেকে নয়, কোনও ক্লাব থেকেও নয়, দুয়ারের সরকারের প্রতিনিধি আপনার বাড়িতে রেশন পৌঁছে দিয়ে আসবে।"
বস্তুত, ২০২১ সালের ১৬ নভেম্বর থেকে ‘দুয়ারে রেশন’ প্রকল্প শুরু করেছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ২০২১ সালের বিধানসভা নির্বাচনের আগেই এ ব্যাপারে প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী। পরে বিধানসভায় বিপুল ভোটে জিতে ক্ষমতায় আসার পরই মমতা ঘোষণা করেন, এখন থেকে বাড়ি বাড়ি গিয়ে রেশন সামগ্রী পৌঁছে দেওয়া হবে। সেই থেকে শুরু হয় এই প্রকল্প। এই প্রকল্পের বৈধতাকে চ্যালেঞ্জ জানিয়ে উচ্চ আদালতে মামলা করেন রেশন ডিলারদের একাংশ। সেই মামলাতেই এই প্রকল্পের আইনি বৈধতা নেই বলে জানিয়েছিল হাইকোর্ট। তারপর এখন সেই সমস্যা কাটিয়ে ফের দুয়ারে রেশন প্রকল্প শুরু হচ্ছে বলেই জানিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।