
শেষ আপডেট: 26 April 2023 07:20
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: জাতীয় সড়কে (National Highway) ভয়াবহ দুর্ঘটনা (Accident)। আলু বোঝাই লরির সঙ্গে সিমেন্টের লরির মুখোমুখি সংঘর্ষ। আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকল দুটি লরিই। বাইরে বেরতে না পেরে ঘটনাস্থলেই আগুনে ঝলসে মৃত্যু হয়েছে এক লরি চালকের। মারাত্মক জখম অবস্থায় খালাসি ও আরও দু’জনকে উদ্ধার করতে পারেন স্থানীয়রা।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ঘটনাটি ঘটে রাত আড়াইটে নাগাদ। দিঘা-নন্দকুমার ১১৬ বি জাতীয় সড়কে একটি আলু বোঝাই লরির সঙ্গে উল্টো দিক থেকে আসা একটি সিমেন্ট বোঝাই লরির মুখোমুখি সংঘর্ষ হয়। সঙ্গে সঙ্গে দুটি লরিতেই আগুন ধরে যায়। চোখের সামনে দাউ দাউ করে জ্বলতে থাকে লরি দুটি। দুই লরির চালক ও খালাসিরা বাইরে বেরিয়ে আসতে চেষ্টা করেন। কিন্তু তার আগেই লরির মধ্যেই এক চালক আগুনের হলকায় ঝলসে যান। বাকিদের উদ্ধার করতে স্থানীয়রাই জীবনের ঝুঁকি নিয়ে এগিয়ে যান। তিনজনকে জীবিত অবস্থায় উদ্ধার করা গেছে বলে জানান স্থানীয়রা।
এলাকার মানুষের অভিযোগ, এই ভয়াবহ দুর্ঘটনার কথা জানাতে নন্দকুমার থানায় ফোন করা হয়েছিল। কিন্তু তখন পুলিশ ফোন তোলেনি। পরে ওসির ফোনে ফোন করা হয়। তিনি পুলিশ পাঠাবার ব্যবস্থা করছেন বলে জানান। কিন্তু তারপরেও দীর্ঘক্ষণ ঘটনাস্থলে পুলিশ আসেনি। এদিকে চোখের সামনে এমন সাংঘাতিক ঘটনা দেখে উত্তেজিত হয়ে পড়ে জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে এলে তাঁরা ক্ষোভে ফেটে পড়েন। বুধবার সকালেও এই ঘটনা নিয়ে জাতীয় সড়কের কাছে উত্তেজনা ছিল।
কোথাও বাস চলছে না, কোথাও বন্ধ দোকানপাট, কুর্মীদের ডাকা বনধে জঙ্গলমহলে মিশ্র সাড়া