
শেষ আপডেট: 19 November 2022 13:41
দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: ফের রেলের অমানবিকতার সাক্ষী থাকল শহরতলি। লোকাল ট্রেনে (train) ধাক্কা খেয়ে তিন ঘণ্টা লাইনের পাশে পড়ে রইলেন এক ব্যক্তি, কিন্তু আরপিএফ বা রেলের কোনও কর্মীর দেখা মিলল না। শেষে সাংবাদিকরা ও স্থানীয় থানার পুলিশ গিয়ে ওই ব্যক্তিকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। ঘটনাটি ঘটেছে উত্তর শহরতলির খড়দহে (Khardaha)।
শনিবার সকালে খড়দহ ও সোদপুর স্টেশনের মাঝে ৮ নম্বর রেলগেটের কাছে আপ শান্তিপুর লোকালে ধাক্কা খেয়ে লাইনের পাশে ছিটকে পড়েন এক মধ্যবয়স্ক ব্যক্তি। ওই অবস্থাতেই তিনি পড়ে থাকেন তিন ঘণ্টা। শরীরে প্রাণ থাকলেও হুঁশ প্রায় ছিল না বললেই চলে। স্থানীয়রা রেল পুলিশ ও খড়দহ স্টেশনে খবর দিলেও সেখান থেকে কেউ উদ্ধারের জন্য আসেনি বলে অভিযোগ। এদিকে ওই অচৈতন্য হয়ে পড়ে থাকা ব্যক্তিটির পাশ দিয়ে চলে যায় একের পর এক লোকাল কিংবা দূরপাল্লার ট্রেন।
প্রায় তিন ঘণ্টা পর স্থানীয় এক যুবক খড়দহ থানায় ফোন করে খবর দেয়। এরপর সাংবাদিকরা ও খড়দহ থানার পুলিশ এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে স্থানীয় বলরাম হাসপাতালে ভর্তি করে। এই ঘটনায় রেলের বিরুদ্ধে অমানবিক আচরণের অভিযোগ তুলেছেন স্থানীয়রা। সেই সঙ্গে প্রতিটি রেলগেটে একজন করে আরপিএফ রাখার দাবি জানানো হয়।
মালদহে রয়্যাল শেখের ঘনিষ্ঠর বাড়ি থেকে ৩৭ লক্ষ টাকা উদ্ধার করল এসটিএফ