
শেষ আপডেট: 27 January 2019 18:30
সুরেন্দর মণ্ডল। জলপাইগুড়ির দিনবাজার লিচুতলা এলাকার বাসিন্দা। সকলের আদরের রাজু জোকার। পেশা টিভি সারানো, নেশা সমাজসেবা। অভাবের সংসার। একটেরে ছোট্ট বাড়িতে স্ত্রী, সন্তান নিয়ে বাস। টিভি সারিয়ে যা রোজগার হয় তাতে নুন আনতে পান্তা ফুরায়। তবে মনটা দরাজ। উপার্জনের কিছুটা সংসারের জন্য রেখে, সিংহভাগই খরচ করেন এলাকার গরিব-গুর্বোদের জন্য। অভাবী মানুষদের পাত পেড়ে খাওয়াতে স্বর্গীয় আনন্দ পান সুরেন্দর। পয়লা বৈশাখ, স্বাধীনতা দিবস থেকে বছরের শেষ দিন— তাঁর বাড়ির উঠোনে অতিথিদের ভিড় লেগেই থাকে।
https://www.youtube.com/watch?v=sS2DJXMWDuA&feature=youtu.be
এত মানুষের খরচের জোগান দেন কী ভাবে? স্বভাবসিদ্ধ হাসিটা ধরে রেখে সুরেন্দর জানালেন, ‘‘সং সেজে এলাকার বিত্তবান লোকের বাড়িতে বা নানা অনুষ্ঠান বাড়ি থেকে টাকা তুলি। যা আয় হয় তাই দিয়েই খাবারের খরচ উঠে যায়। সেই সঙ্গে নিজের উপার্জনের টাকাও থাকে।’’
আরও পড়ুন: সাইকেলে চেপেই ‘চাঁদের পাহাড়’ জয়, কিলিমাঞ্জারোর সর্বোচ্চ শৃঙ্গে তেরঙ্গা উড়িয়ে নজির সিউড়ির উজ্জ্বলের
খাবারে কোনও কমতি রাখেননি রাজু জোকার। প্রাতরাশ থেকে দুপুরের মিল, আয়োজন কিন্তু জমাটি। প্রাতরাশে পাউরুটি, মর্তমান কলা সেরে বেলার ভোজনে পাতে পড়ল ভাত, ডাল, আলু চিপস, বাঁধা কপির ঘণ্ট, মটর পনির, খাসির মাংস। শেষ পাতে টম্যাটোর চাটনি। ঘুরে ঘুরে তদারকি করেছেন নিজেই। দু’একবার খুন্তিও নেড়েছেন। খাবারের স্বাদ চেখে তবেই তুলে দিয়েছেন পাতে।
লিচুতলা এলাকায় ভিক্ষা করেন ফুলমতি ব্রজবাসী। দু’হাত তুলে রাজু জোকারকে আশীর্বাদ করতে করতে বলেন, " আমাদের জন্য যা করে ভাবাই যায় না। নিজে ভাঙা বাড়িতে থেকে এত মানুষকে কেউ খাওয়াবে না। ওর মঙ্গল কামনা করি।’’
‘‘ফি বছর দু’তিনবার ভিখারিদের নিয়ে পিকনিক করে। চা বাগান ও পতিতা পল্লীর শিশুদের শপিং মলে নিয়ে গিয়ে জামাকাপড় কিনে দেয়। পথশিশুদের পড়াশোনার খরচ তোলে, তাদের খাতাপত্র কিনে দেয়, এমনই মানুষ রাজু জোকার’’ জানালেন এলাকারই এক বাসিন্দা। অভাব তাঁর মনকে আষ্টেপৃষ্টে বাঁধেনি। ভাঙা ঘরে থেকে চাঁদ ধরার স্বপ্ন দেখেন না রাজু জোকার। মানুষের মুখে হাসি ফোটানোই তাঁর জীবনের লক্ষ্য। সামনে অনেক পথ চলা বাকি। আরও বেশি মানুষের জন্য কাজ করতে চান এই চার্লি চ্যাপলিন।
আরও পড়ুন:
https://www.four.suk.1wp.in/28-01-2019-news-west-bengal-ujjwal-pal-conquer-kilimanjaro/
The Wall-এর ফেসবুক পেজ লাইক করতে ক্লিক করুন