দ্য ওয়াল ব্যুরো, পাণ্ডবেশ্বর, দুর্গাপুর : বড়সড় বিপর্যয় থেকে রক্ষা পেলেন কয়লাখনির শ্রমিকেরা। রোজকার মতো সোমবার সকালে খনিতে নেমে আটকে পড়েছিলেন ৩৮ জন শ্রমিক। বিপদের মুখে যখন উদ্ধারের পথ খুঁজছিলেন শ্রমিক-সহ কোলিয়ারির কর্তৃপক্ষ, খবর আসে উপরে উঠে আসার বিকল্প ব্যবস্থাটিও খারাপ হয়ে গিয়েছে। তৈরি হয় আতঙ্ক। যুদ্ধকালীন তৎপরতায় শুরু হয় উদ্ধারকাজ। অবশেষে রাত নটা নাগাদ উদ্ধার করা হয় আটকে পড়া ৩৮ জনকেই।
ঘটনাটি পান্ডবেশ্বরের বাঁকোলা এরিয়ার কুমারডিহি-বি কোলিয়ারির। এ দিন সকালের শিফটে খনির নীচে নামেন শ্রমিকেরা। হঠাৎ সকাল দশটা নাগাদ প্রথম বয়লারটি খারাপ হয়ে যায়। সাধারণত ইসিএলের কোলিয়ারিগুলোতে দুটি অথবা তিনটি করে বয়লার থাকে। একটা বয়লার খারাপ হলে বিকল্প বয়লার দিয়ে কাজ চালানো হয়। কিন্তু সমস্যা হয় বিকল্প বয়লারটির বিপত্তি ঘটায়। ফলে খনির নীচে থেকে ৩৮ জন শ্রমিককে খনির উপরে ওঠানো সম্ভব হয়নি। আতঙ্ক ছড়ায় খনি শ্রমিকের মধ্যে। উপর থেকে ৩০০ ফুট নীচে দড়ির সাহায্যে শ্রমিকদের জন্য জল, খাবার ও ওষুধ পাঠানো হয়।
যুদ্ধকালীন পরিস্থিতিতে বয়লার সারানোর কাজ শুরু হয়। ইসিএল জানায়, রাতের মধ্যেই বয়লার মেরামত করা হবে এবং শ্রমিকদের সুস্থভাবে ওপরে তোলা হবে। খনির নীচে আটকে পরা শ্রমিকদের সঙ্গে ইন্টারনাল টেলিফোনের মাধ্যমে যোগাযোগ রাখা শুরু হয়। শেষে বয়লার সারিয়ে উদ্ধার করা হয় শ্রমিকদের।
তবে, ঘটনার পরেই বিস্তর অভিযোগ জমা করেছেন শ্রমিকেরা। বয়লার গুলি ঠিকঠাক সময় মেরামত করা হয় না বলেই দাবি তাঁদের।
https://youtu.be/OJR1Aui-bm0