রোমিওদের বেপরোয়া বাইক রুখতে রাস্তায় হাম্প, পাশের গ্রামের রাস্তা কেটে প্রতিবাদ
কৌশিক দত্ত, কাটোয়া: নতুনগ্রামের বাইকে সওয়ার রোমিওদের ঠাণ্ডা করতে রাস্তায় স্পিড ব্রেকার তৈরি করেছিলেন রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা। প্রতিশোধ নিতে আজ সকালে রাধাকৃষ্ণপুরে ঢোকার সমস্ত রাস্তা কেটে দিলেন নতুনগ্রামের বাসিন্দারা। এই নিয়ে উত্তেজনা চরমে
শেষ আপডেট: 16 August 2019 08:54
কৌশিক দত্ত, কাটোয়া: নতুনগ্রামের বাইকে সওয়ার রোমিওদের ঠাণ্ডা করতে রাস্তায় স্পিড ব্রেকার তৈরি করেছিলেন রাধাকৃষ্ণপুরের বাসিন্দারা। প্রতিশোধ নিতে আজ সকালে রাধাকৃষ্ণপুরে ঢোকার সমস্ত রাস্তা কেটে দিলেন নতুনগ্রামের বাসিন্দারা। এই নিয়ে উত্তেজনা চরমে উঠেছে দুই গ্রামের সীমানায়। দুই গ্রামের মানুষকে মুখোমুখি বসিয়ে সমস্যা সমাধানের আশ্বাসও দিয়েছেন কাটোয়ার মহকুমা শাসক।
পাশাপাশি গ্রাম সুদপুর গ্রাম পঞ্চায়েতের রাধাকৃষ্ণপুর আর খাজুটি গ্রাম পঞ্চায়েতের নতুনগ্রাম। রাধাকৃষ্ণপুরের বাসিন্দাদের অভিযোগ, সম্প্রতি নতুনগ্রামের কিছু উঠতি তরুণ মদ্যপ অবস্থায় বেপরোয়া ভাবে বাইক চালাচ্ছে তাঁদের গ্রামের রাস্তা দিয়ে। এতে বেশ কয়েকবার দুর্ঘটনার মুখে পড়েছেন গ্রামের কয়েকজন। তাঁদের মধ্যে কিশোরী ও তরুণীরাই সংখ্যাগুরু। বারবার বারণ করেও শোনানো যাচ্ছে না ওই বাইক আরাহীদের। বাধ্য হয়েই নিজেরা চাঁদা তুলে গ্রামের রাস্তায় স্পিড ব্রেকার তৈরি করেন রাধাকৃষ্ণপুর গ্রামের মানুষ। আর বিপত্তি বাধে তাতেই।

বৃহস্পতিবার রাধাকৃষ্ণপুর গ্রামের পথ দিয়ে যাওয়ার সময় এই স্পিড ব্রেকারে এসে ধাক্কা খেয়ে পড়ে যান নতুনগ্রামের এক সাইকেল আরোহী। পরে গ্রামে ফিরে তিনি জানান, তাঁকে মারধর করেছে পাশের গ্রামের মানুষ। এরপরেই নতুনগ্রামের প্রায় শখানেক লোক চড়াও হয় রাধাকৃষ্ণপুরে। দাবি, স্পিড ব্রেকার ভেঙে দিতে হবে। তখনকার মতো ঝামেলা মিটলেও, আজ সকালে ঘুম থেকে জেগে তাঁরা দেখেন গ্রামে ঢোকার সব পথ কেটে দেওয়া হয়েছে।

তুমুল উত্তেজনা ছড়ায় গ্রামে। রাধাকৃষ্ণপুরে বাসিন্দা তোতা শেখ, মুশিদ শেখদের বক্তব্য, “বাইকবাহিনীর তাণ্ডবে রাস্তায় স্পিড ব্রেকার তৈরি করেছেন তাঁরা। নিজেদের নিরাপত্তার স্বার্থে। কিন্তু ওদের গ্রামের কাউকে মারধর করা হয়নি।”
নতুন গ্রামের হাসিবুল মল্লিক, রহিম শেখদের পাল্টা দাবি, “রাধাকৃষ্ণপুর গ্রামের রাস্তায় হাম্প তৈরি হওয়ায় গাড়ি ও সাইকেল নিয়ে যাওয়ার সময় পড়ে গিয়ে জখম হচ্ছেন আমাদের লোক। ওই হাম্পগুলো এখনই ভাঙতে হবে।”
গোটা বিষয়টি শুনেছেন কাটোয়ার মহকুমাশাসক সৌমেন পাল। তিনি বলেন, “আজই দু পক্ষকে নিয়ে বৈঠক করে সমস্যা মেটানো হবে।”