
শেষ আপডেট: 1 February 2023 14:22
দ্য ওয়াল ব্যুরো: স্বাধীনতার অমৃতবর্ষকে স্মরণে রেখে 'মহিলা সম্মান বচত পত্র' তথা মহিলা সম্মান সেভিংস সার্টিফিকেট স্কিম চালুর কথা ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন (Nirmala Sitharaman)। বুধবার বাজেট ভাষণে (Budget 2023) তিন বলেন, ২ বছরের জন্য তথা ২০২৫ সালের মার্চ মাস পর্যন্ত এই সার্টিফিকেট যে কোনও বয়সের মহিলার নামে কেনা যাবে। সাড়ে ৭ শতাংশ সুদ (7.5 percent interest) দেওয়া হবে এই খাতে, যা চলতি স্কিমগুলির তুলনায় বেশি। সর্বোচ্চ ২ লক্ষ টাকা এই সার্টিফিকেট খাতে সঞ্চয় করা যাবে।

মোদী সরকার ক্ষমতায় আসার পর থেকেই মহিলাদের নানাভাবে খুশি করার চেষ্টা করেছে। লক্ষণীয় হল, গত এক দশক ধরে নির্বাচন কমিশনও লাগাতার চেষ্টা চালিয়েছে মহিলা ভোটার বৃদ্ধি এবং তাদের ভোটদানের হার বাড়ানোর। সেই উদ্যোগে বড় ধরনের সাফল্য অর্জন করেছে কমিশন। এখন দেশে নারী ও পুরুষ ভোটারের অনুপাতের ফারাক সামান্যই। মহিলাদের ভোটদানের হারও বেড়েছে উল্লেখযোগ্য হারে। স্বভাবতই মহিলা ভোটারের গুরুত্ব অনেক বেড়ে গিয়েছে। বিজেপির দেখাদেখি অনেক দল এখন ভোটে মহিলাদের জন্য পৃথক ইস্তাহারও প্রকাশ করছে।
এই বাস্তবকে সামনে রেখে প্রধানমন্ত্রী মোদী মাত্র এক দশক আগে সক্রিয় রাজনীতিতে আসা নির্মলাকে প্রথমে দেশের প্রতিরক্ষামন্ত্রী, পরে অর্থমন্ত্রীর মতো গুরুত্বপূর্ণ পদে বসিয়েছেন, পাশাপাশি সরকারের নানা প্রতিষ্ঠানেও মহিলাদের যোগদান বেড়েছে। দরিদ্র পরিবারগুলির জন্য ভরতুকি দিয়ে উজ্জ্বলা প্রকল্পে রান্নার গ্যাস সিলিন্ডারের সুবিধাও বিজেপির ভোটের বাক্সে প্রতিফলন ফেলেছে।
তাৎপর্যপূর্ণ হল নির্মলা নয়া যে সঞ্চয় প্রকল্প ঘোষণা করেছেন তা মাত্র দু’বছরের জন্য। এর মধ্যে এক বছরের মাথায় অনুষ্ঠিত হবে লোকসভা নির্বাচন। তার আগে আছে ন'টি রাজ্যের বিধানসভার ভোট। বিশেষ সঞ্চয় প্রকল্পের সুবাদে সরকার মহিলাদের আরও কাছে টানার চেষ্টা করল। কারণ, এই সূত্রে অনেক পরিবারও বাড়তি সঞ্চয়ের সুবিধার কল্যাণে সুদ বাবদ অতিরিক্ত আয় করতে পারবেন।
ব্যক্তিগত আয়করে বড় ছাড় ঘোষণা নির্মলার, নতুন কর কাঠামো জেনে নিন এক নজরে