দ্য ওয়াল ব্যুরো: বিশ্বে করোনা আক্রান্তের সংখ্যা পেরলো ৬০ লাখ। মার্কিন যুক্তরাষ্ট্রেই কোভিড সংক্রমণে প্রভাব সবচেয়ে বেশি। জন হপকিনস বিশ্ববিদ্যালয়ের কোভিড ট্র্যাকারের ট্যালি অনুযায়ী শুক্রবার আমেরিকায় সংক্রমণে মৃত্যু হয়েছে ১২২৫ জনের। মার্কিন মুলুকে এখন করোনা আক্রান্তের সংখ্যা প্রায় ১৮ লাখ। মৃতের সংখ্যা ১ লাখের গণ্ডি পেরিয়েছে অনেকদিন আগেই।
সারা বিশ্বে এখন করোনা আক্রান্তের সংখ্যা মোট ৬০,৩১,০২৩। মৃত্যু হয়েছে ৩,৬৬,৮১২ জনের। সুস্থ হয়ে উঠেছেন ২৬,৫৯,২৭০ জন। আমেরিকায় করোনা আক্রান্তের সংখ্যা ১৭,৯৩,৫৩০। কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ১,০৪,৫৪২ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৫,১৯,৫৬৯ জন।
বিশ্বের কোভিড পরিসংখ্যানে আক্রান্তের সংখ্যার নিরিখে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। সেখানে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ৪,৬৮,৩৩৮ জন। সংক্রমণে মৃত্যু হয়েছে ২৭,৯৪৪ জনের। সুস্থ হয়েছেন ১,৯৩,১৮১ জন। তৃতীয় স্থানে রয়েছে রাশিয়া। সেখানে কোভিড আক্রান্তের সংখ্যা ৩,৮৭,৬২৩। সংক্রমণের মৃতের সংখ্যা ৪৩৭৪। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ১,৫৯,২৫৭ জন।
করোনা আক্রান্তের সংখ্যার নিরিখে বিশ্বের কোভিড পরিসংখ্যানে এখন নবম স্থানে রয়েছে ভারত। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের বুলেটিন অনুযায়ী শুক্রবার ২৯ মে সকাল ৮টা পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১,৬৫,৭৯৯। এ যাবৎ ভারতে কোভিড-১৯ সংক্রমণে মৃত্যু হয়েছে ৪৭০৬ জনের। সংক্রমণ সারিয়ে সুস্থ হয়ে উঠেছেন ৭১,১০৬ জন।
বিশ্বের কোভিড পরিসংখ্যানে চতুর্থ থেকে অষ্টম স্থানের মধ্যে রয়েছে স্পেন, ব্রিটেন, ইতালি, ফ্রান্স এবং জার্মানি এই পাঁচটি ইউরোপীয় দেশ। এদের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা সর্বাধিক স্পেনে, ২,৮৫,৬৪৪ জন। আর কোভিড-১৯ সংক্রমণে সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ব্রিটেনে, ৩৮,১৬১ জনের।