দ্য ওয়াল ব্যুরো: সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা এখন বুঁদ হয়েছেন #10yearschallenge-এ। ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম----কোনও প্ল্যাটফর্মই বাদ নেই। নিউজ ফিড ছেয়ে গিয়েছে ২০০৯ এবং ২০১৯ সালের ছবিতে। কেউ কেউ শেয়ার করেছেন ২০০৮ এবং ২০১৮ সালের ছবিও।
একজন এই ১০ বছরে কতটা বদলেছেন, কী কী আমূল পরিবর্তন এসেছে তাঁর চেহারায়, মূলত সেটাই নজরে আসছে এই চ্যালেঞ্জের মাধ্যমে। আম জনতা থেকে বলিউড, হলিউড, টলিউড সেলিব্রিটিরাও নাম লিখিয়েছেন এই চ্যালেঞ্জে। প্রতি মুহূর্তেই কেউ না কেউ শেয়ার করছেন, নিজের দশ বছর আগের ছবি, আর এখনকার ছবি।
নেটিজেনদের এই হিড়িকের মধ্যেই নিজেদের পুরনো ছবি শেয়ার করলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। তাঁর সঙ্গে ফ্রেমবন্দি হয়েছেন মার্কিন মুলুকের প্রাক্তন ফার্স্ট লেডি এবং ওবামার স্ত্রী মিশেল ওবামা। তবে এ ছবি ১০ বছরের পুরনো নয়। অনুমান, তার অনেক আগেই এই ছবি তুলেছিলেন বারাক ওবামা এবং তাঁর স্ত্রী মিশেল। গত ১৭ জানুয়ারি টুইট করে এই ছবি শেয়ার করেছেন ওবামা। সেই সঙ্গে স্ত্রীকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছাও। আর লিখেছেন, "তখন আমি জানতাম, এখন বিশ্বাস করি যে তুমি একজন আসাধারণ মানুষ।"
https://twitter.com/BarackObama/status/1085915185146150912
ওবামার এই পোস্টে আবেগপ্রবণ হয়েছেন মিশেলও। টুইট করে তিনি লিখেছেন, "তোমায় অনেক ধন্যবাদ সবসময় আমার পাশে থাকার জন্য। বাকি জীবন নিয়ে খুব এক্সাইটেড।"
https://twitter.com/MichelleObama/status/1086021548216078336
মুহূর্তেই ভাইরাল হয়ে যায় বারাক ওবামার এই টুইট। ইতিমধ্যেই ৫ মিলিয়ন লাইক পড়ে গিয়েছে বারাক এবং মিশেলের এই ছবিতে। নেটিজেনরাও মিশেল ওবামাকে জানিয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। কেউ বলছেন আমরা আপনাদের খুব মিস করি। কেউবা লিখেছেন, তাঁর চোখে মিশেলই আজীবন আমেরিকার 'ফার্স্ট লেডি' হয়ে থাকবেন।