পুলিশের বাধা, মেটিয়াবুরুজে ঢুকতেই পারলেন না মুকুল, সব্যসাচীরা
দ্য ওয়াল ব্যুরো: মেটিয়াবুরুজের আরএসএস কর্মী বীরবাহাদুর সিং গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সেখানে জনসভার ডাক দিয়েছিল বিজেপি। যাওয়ার কথা ছিল বিজেপি নেতা মুকুল রায় ও সবস্যাচী দত্তের। কিন্তু কলকাতা পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডে বাবুবাজার মোড়ে
শেষ আপডেট: 5 December 2019 11:13
দ্য ওয়াল ব্যুরো: মেটিয়াবুরুজের আরএসএস কর্মী বীরবাহাদুর সিং গুলিবিদ্ধ হওয়ার প্রতিবাদে বৃহস্পতিবার সেখানে জনসভার ডাক দিয়েছিল বিজেপি। যাওয়ার কথা ছিল বিজেপি নেতা মুকুল রায় ও সবস্যাচী দত্তের। কিন্তু কলকাতা পুরসভার ৭৯ নম্বর ওয়ার্ডে বাবুবাজার মোড়ের কাছে আটকে দেওয়া হয় মুকুল, সব্যাসাচীদের।
বিজেপি নেতাদের যাওয়ার পথেই জমায়েত করে তৃণমূল। মুকুল রায়দের গাড়ি ওই এলাকায় পৌঁছতেই শুরু হয় অশান্তি।বিজেপি নেতাদের গাড়ি আটকে দেয় পুলিশ। প্রশাসনের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়, ওই সভার অনুমতি নেই। তাই বাবুবাজার মোড় থেকেই ফিরে যেতে বলা হয় গেরুয়া শিবিরের নেতৃত্বকে। কিন্তু প্রথমে ফিরতে চাননি মুকুলবাবুরা। সঙ্গে থাকা বিজেপি কর্মী-সমর্থকদের সঙ্গে বচসা শুরু হয় পুলিশের। একপ্রস্থ ধাক্কাধাক্কিও হয়ে যায়। এরপর অবশ্য ফিরে আসতে বাধ্য হন বিজেপি নেতারা। মুকুলবাবু বলেন, যা ঘটছে সব মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই ঘটছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বেই হুলিগানরা জড়ো হয়েছে। পরে সাংবাদিক সম্মেলন করে মুকুল রায় বলেন, " বাংলায় গণতন্ত্রের হত্যা চলছে।" তাঁর কথায়, "আজ মেটিয়াবুরুজ যাওয়ার পথে যে অবস্থা তৈরি হয়েছিল সেটা ভয়াবহ। আমাদের সঙ্গে সেন্ট্রাল ফোর্সের নিরাপত্তারক্ষীরা ছিলেন বলেই আমরা প্রাণ হাতে নিয়ে ফিরতে পেরেছি।"

মঙ্গলবার সকালে মেটিয়াবুরুজ এলাকার আরএসএস কর্মী বীরবাহাদুর সিং-এর উপর গুলি চালানোর ঘটনা ঘটে। তারপর প্রত্যাশিত ভাবেই বিষয়টি নিয়ে মেরুকরণ শুরু করে দেয় বিজেপি। দলের রাজ্য সভাপতি তথা মেদিনীপুরের সাংসদ দিলীপ ঘোষ বলেন, “বাংলায় হিন্দু এবং হিন্দুত্ববাদী সংগঠনগুলি বিপদে রয়েছে।”
বুধবার দেখা যায় মেটিয়াবুরুজের ঘটনা নিয়ে রাস্তায় নেমে পড়ে হিন্দু জাগরণ মঞ্চ। শিয়ালদহ, মৌলালি, ধর্মতলা—শহরের একাধিক জায়গায় হিন্দুত্ববাদীদের সঙ্গে কার্যত খণ্ডযুদ্ধ চলে পুলিশের। আটক করা হয় হিন্দু সংগঠনের ১০০-র বেশি নেতা-কর্মীকে। বুধবারই বিজেপির তরফে আজকের কর্মসূচির কথা ঘোষণা করা হয়েছিল। কিন্তু সেই কর্মসূচিতে অনুমতিই দিল না পুলিশ।