শেষ আপডেট: 1 December 2019 11:42
তিন বছর পর বিসিসিআইয়ের দায়িত্ব নিয়েছে সৌরভের নেতৃত্বাধীন কমিটি। এর আগে এতদিন ভারতের ক্রিকেট বোর্ডের দায়িত্ব ছিল সুপ্রিম কোর্টের হাতে। দেশের শীর্ষ আদালত একটি প্রশাসনিক কমিটি গড়ে দিয়েছিলেন। আর এ সবই হয়েছিল লোধা কমিটির সুপারিশ অনুযায়ী। সুপ্রিম কোর্ট নিযুক্ত এই কমিটির সুপারিশ অনুযায়ী জাতীয় বা রাজ্য ক্রিকেট প্রশাসনে ছ’বছর যুক্ত থাকার পর তিন বছরের জন্য কুলিং অফ পিরিয়ডে যেতে হবে সংশ্লিষ্ট ব্যক্তিকে। এই সুপারিশ অনুযায়ী সৌরভদের হাতে মাত্র ১১ মাস সময় ছিল। কারণ এর আগে পাঁচ বছর বাংলার ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট ছিলেন তিনি।
এদিন বৈঠকে প্রস্তাব দেওয়া হয়, প্রশাসনের সঙ্গে ছ’বছর যুক্ত থাকার বদলে জাতীয় ও রাজ্য প্রশাসনে আলাদাভাবে ছ’বছর করে যুক্ত থাকার পরেই কুলিং অফ পিরিয়ডে যেতে হবে কাউকে। এই প্রস্তাব পাশও হয়ে যায়। কারণ সদস্যদের বক্তব্য, ১১ মাস সময়ের মধ্যে কারও পক্ষে ঠিকমতো সব কিছু গুছিয়ে নেওয়া সম্ভব নয়। ন্যূনতম তিন বছর সময় পাওয়া উচিত।
এছাড়াও বোর্ড থেকে আইসিসির বৈঠকে প্রতিনিধিত্ব করা, উপদেষ্টা কমিটি ফিরিয়ে আনা, স্বার্থের সংঘাত, সর্বোপরি বোর্ডের হাতেই সব ক্ষমতা ফিরিয়ে আনা নিয়ে একাধিক প্রস্তাব দেওয়া হয়েছে এই বৈঠকে। সবই পাশ হয়েছে। এখন এইসব প্রস্তাবে সুপ্রিম কোর্টের অনুমোদন মিললেই নতুন সংবিধান তৈরি হবে বোর্ডের। ফলে অন্তত তিন বছরের জন্য বিসিসিআইয়ের মসনদে দেখা যাবে সৌরভকে।