দ্য ওয়াল ব্যুরো: পাঞ্জাব-মহারাষ্ট্র সমবায় ব্যাঙ্ক দুর্নীতি মামলায় শিবসেনা সাংসদ সঞ্জয় রাউতের স্ত্রী বর্ষা রাউতকে সমন পাঠাল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ২৯ ডিসেম্বর মঙ্গলবার তাঁকে মুম্বইয়ের ইডি দফতরে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
ইডির তরফে বলা হয়েছে, এর আগেও বর্ষা রাউতকে দুবার সমন পাঠানো হয়েছিল। কিন্তু তিনি শারীরিক অসুস্থতার কথা বলে হাজিরা এড়িয়ে গিয়েছেন। ফের তাঁকে সমন পাঠানো হয়েছে।
গত বছর সেপ্টেম্বর মাসে পিএমসি ব্যাঙ্ক দুর্নীতি সামনে আসে। একটি সংস্থার বিরুদ্ধে কয়েক হাজার কোটি টাকা হাতানোর অভিযোগ উঠেছে। ইডি কর্তাদের দাবি, পুণের ওই সংস্থার ব্যাঙ্কের তথ্য থেকে দেখা গেছে সঞ্জয় রাউতের স্ত্রীর কাছে বড় টাকা এসেছে।
মহারাষ্ট্রে শিব সেনা ও বিজেপির জোট ভেঙে যাওয়ার পর থেকে মোদী সরকারের বিরুদ্ধে সবচেয়ে বেশি সরব হতে দেখা গিয়েছে সঞ্জয় রাউতকে। লাদাখে চিনের সঙ্গে সংঘর্ষে ভারতীয় জওয়ানদের মৃত্যুর বদলা চাওয়া থেকে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউতের সঙ্গে লড়াই। সবকিছুতেই শিব সেনার মুখ হিসেবে সামনে দেখা গিয়েছে এই রাজ্যসভা সাংসদকে।
সঞ্জয় সরাসরি ইডির বিরুদ্ধে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন। টুইটারে লিখেছেন, "আ দেখে জারা, কিসমে কিতনা হ্যায় দম...!" বিরোধীদের অভিযোগ, সিবিআই, ইডি-র মতো এজেন্সিকে কাজে লাগিয়ে বিজেপি রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করছে। এই ক্ষেত্রেও একই অভিযোগ তুলেছে শিবসেনা।