খাস কলকাতায় অস্ত্র কারখানার হদিশ, গ্রেফতার ১
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ। হানা দিয়ে গ্রেফতার করা হল একজনকে। নাদিয়াল থানার পুলিশ জানিয়েছে ধৃতের নাম আবদুল কায়েম ওরফে মুন্না। তাকে মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হবে। পুলিশ জানতে পেরেছে, ধৃত মুন্না বিহারের মুঙ্
শেষ আপডেট: 7 January 2020 05:31
দ্য ওয়াল ব্যুরো: খাস কলকাতায় অস্ত্র কারখানার হদিশ পেল পুলিশ। হানা দিয়ে গ্রেফতার করা হল একজনকে। নাদিয়াল থানার পুলিশ জানিয়েছে ধৃতের নাম আবদুল কায়েম ওরফে মুন্না। তাকে মঙ্গলবার দুপুরে আদালতে তোলা হবে। পুলিশ জানতে পেরেছে, ধৃত মুন্না বিহারের মুঙ্গেরের বাসিন্দা।
সোমবার গভীর রাতে নাদিয়াল থানার ওয়াপসিগঞ্জ এলাকায় হানা দেয় কলকাতা পুলিশের বিরাট দল। দেখা যায় একটি বাড়ির ফাঁকা অংশে টিনের শেড করে চলছে অস্ত্র কারখানা। সেখান থেকে উদ্ধার হয়েছে প্রচুর আগ্নেয়াস্ত্র। উদ্ধার হয়েছে প্রচুর ম্যাগাজিন ও অস্ত্র তৈরির সরঞ্জাম।
পুলিশ এখন খতিয়ে দেখতে চাইছে, এই অস্ত্র কোথায় পাঠানোর ছক করছিল মুন্না। তার টিমে আরও কারা আছে তাও খতিয়ে দেখতে চাইছে পুলিশ। মনে করা হচ্ছে, মুঙ্গের থেকে অস্ত্র বানানো শিখে এসেই এখানে কারখানা খুলেছিল মুন্না।
স্থানীয় সূত্রে পুলিশ জানতে পেরেছে, ওই কারখানায় আরও পাঁচ-ছ’জন কাজ করত। তাদের খোঁজেও শুরু হয়েছে তল্লাশি। জেরা করা হচ্ছে বাড়ির মালিককেও। রাতের জেরায় বাড়ির মালিক পুলিশকে জানিয়েছেন, যন্ত্রপাতি তৈরির কারখানা বলেই মুন্না তাঁর থেকে ভাড়া নিয়েছিল।
দু’টি বিষয়ে নিশ্চিত হতে চাইছে পুলিশ। এক, কোন কোন চক্রকে এরা অস্ত্র সাপলাই দিত। এবং দুই, এদের সঙ্গে কোনও নিষিদ্ধ উগ্রপন্থী সংগঠনের যোগ আছে কিনা। পুলিশ জানিয়েছে, তদন্ত করে দ্রুত এর কিনারা করা হবে।