দ্য ওয়াল ব্যুরো: গত সোমবার দিল্লির রাস্তায় বন্দুক উঁচিয়ে নিরস্ত্র পুলিশকে তাড়া করেছিল শাহরুখ নামের এক যুবক। শোনা গিয়েছিল, তাকে নাকি হেফাজতে নিয়েছে দিল্লি পুলিশ। কিন্তু ঘটনার চারদিন পর এখন আচমকাই শোনা যাচ্ছে দিল্লি পুলিশ নাকি হেফাজতে নেয়ইনি শাহরুখকে।
রবিবার থেকে অগ্নিগর্ভ রাজধানী শহর। অশান্তি যেন থামছেই না উত্তর-পূর্ব দিল্লিতে। বেড়েই চলেছে মৃত্যু মিছিল। এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৩৯ জনের। আহত হয়েছেন ৩০০-র বেশি। সোশ্যাল মিডিয়া ছয়লাপ হয়েছে দিল্লি হিংসার ছবিতে। তার মধ্যে গত কয়েকদিনে সবচেয়ে বেশি ভাইরাল হয়েছিল একটি ছবি। লাল শার্ট পরা এক যুবককে রিভলভার উঁচিয়ে নিরস্ত্র পুলিশকে তাড়া করতে দেখা গিয়েছিল সেখানে। জানা গিয়েছিল, যুবকের নাম শাহরুখ। দিল্লির শাহদারার বাসিন্দা সে।
গত সোমবার প্রকাশ্য এসেছিল এই ছবি। এরপর শোনা গিয়েছিল রাস্তায় বন্দুক উঁচিয়ে আস্ফালন দেখানো যুবককে নাকি আটক করেছে দিল্লি পুলিশ। অস্ত্র আইনে তার বিরুদ্ধে রুজু হয়েছিল মামলাও। কিন্তু ঘটনার চারদিন পর এখন শোনা যাচ্ছে, শাহরুখকে নাকি হেফাজতেই নেয়নি পুলিশ। দিল্লি পুলিশেরই একটি সূত্র থেকে প্রকাশ্যে এসেছে এই খবর।
গত সোমবার প্রকাশ্যে আসা ওই ভিডিও ফুটেজে দেখা গিয়েছিল রিভলভার হাতে জাফরাবাদ থেকে মৌজপুরের দিকে হেঁটে আসছিল শাহরুখ। মুখোমুখি হন এক নিরস্ত্র পুলিশকর্মীর। তারপর পুলিশকর্মীর থেকে খানিক তফাতে গিয়ে শুন্যে গুলি চালাতেও দেখা যায় শাহরুখকে। হাত নাড়িয়ে পুলিশকে পিছু হঠতেও বাধ্য করে সে। পুলিশের অনুমান, ঘটনাস্থলের আশেপাশের কোনও বাড়ির ছাদ থেকে মোবাইলে তোলা হয়েছিল এই ভিডিও।
এই ভিডিও ফুটেজ প্রকাশ পাওয়ার কয়েক ঘণ্টা পর সোমবার সন্ধেতেই খবর ছড়িয়ে পড়ে যে শাহরুখকে আটক করেছে দিল্লি পুলিশ। যদিও পুলিশের একটি সূত্রের দাবি এখনও শাহরুখ ধরা পড়েনি। বরং তার খোঁজে তল্লাশি জারি রয়েছে।