দ্য ওয়াল ব্যুরো: এক গৃহহীন, অজ্ঞাতপরিচয় বৃদ্ধের মৃত্যুর পরে তাঁর শেষকৃত্যের জন্য কাউকে পাওয়া যায়নি। স্থানীয়রা পিছিয়ে যান। তখনই সাহায্যের জন্য এগিয়ে এলেন অন্ধ্রপ্রদেশের এক মহিলা সাব ইন্সপেক্টর। ঘাড়ে করে প্রায় ২ কিলোমিটার নিয়ে গিয়ে সেই বৃদ্ধের শেষকৃত্য করেন তিনি। ওই মহিলা এসআইয়ের এই কাজের জন্য তাঁকে কুর্নিশ জানাচ্ছে নেট দুনিয়া।
সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় প্রকাশ হয়েছে। সেখানে দেখা যাচ্ছে অন্ধ্রপ্রদেশের পালাসা শহরের কাছে একটি গ্রামে ধানক্ষেতের মধ্যে দিয়ে একটি মৃতদেহ ঘাড়ে করে বয়ে নিয়ে চলেছেন কে সিরিশা নামের ওই পুলিশকর্মী। যে স্ট্রেচারে করে দেহটি নিয়ে যাওয়া হচ্ছে সেটিও বানানো হয়েছে। তাঁকে এই কাজে সাহায্য করছে আরও এক ব্যক্তি। ভিডিওতে দেখা যাচ্ছে কেউ কেউ তাঁকে ছেড়ে দিতে বলছেন। কিন্তু তিনি শুধু বলছেন, ‘ঠিক আছে, আমার অসুবিধা হচ্ছে না।’ শেষ পর্যন্ত ললিতা চ্যারিটেবল ট্রাস্টের হাতে দেহটি তুলে দেন তিনি। তারাই শেষকৃত্য সম্পন্ন করে।
https://twitter.com/APPOLICE100/status/1356175726383255556?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1356175726383255556%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fwww.ndtv.com%2Fandhra-pradesh-news%2Fandhra-pradesh-refused-help-woman-cop-carries-body-for-last-rites-wins-internet-2362029
জানা গিয়েছে, মাঠের মধ্যেই ওই বৃদ্ধের দেহ পড়েছিল। কেউ তাকে শনাক্ত করতে পারেনি। তাই কেউ শেষকৃত্য করতেও চাইছিল না। সেই সময় এগিয়ে আসেন সিরিশা।
অন্ধ্রপ্রদেশ পুলিশের তরফেও এই ঘটনার ভিডিও টুইট করা হয়েছে। সেখানে লেখা হয়েছে, “ডিরেক্টর জেনারেল অফ পুলিশ গৌতম সাওয়াং কাশিবুজ্ঞা পুলিশ স্টেশনের ইন্সপেক্টর কে সিরিশার মানবিক আচরণের প্রশংসা করেছেন।”
এই ছবি টুইট করেন অন্ধ্রপ্রদেশের দায়িত্বপ্রাপ্ত তথা বিজেপির সর্বভারতীয় সম্পাদক সুনীল দেওধরও। সঙ্গে তিনি লেখেন, “কাশিবুজ্ঞার সাব ইন্সপেক্টর কে সিরিশাকে স্যালুট জানাই। তিনি নিজের দায়িত্ব পালনের জন্য এগিয়ে গিয়েছেন ও একজন বয়স্ক ব্যক্তির দেহ শেষকৃত্যের জন্য ২ কিলোমিটার বয়ে নিয়ে গিয়েছেন। মানুষের হয়ে কাজ করার সঙ্গে সঙ্গে মানবিক দায়িত্ব পালনও করেছেন তিনি।”