দ্য ওয়াল ব্যুরো: ভারতের বর্তমান অর্থনৈতিক অবস্থা নিয়ে মোদী সরকারকে ক্রমাগত কটাক্ষ করছেন কংগ্রেস নেতারা। এই অবস্থা থেকে দেশকে বের করে আনার জন্য প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং তো পরামর্শও দিয়েছেন কেন্দ্রের বিজেপি সরকারকে। সেই একই রাস্তায় হাঁটলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক পূর্ব উত্তরপ্রদেশের দায়িত্বে থাকা প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া।
শুক্রবার টুইট করে মোদী সরকারকে এই কটাক্ষ করেন প্রিয়ঙ্কা। তবে সেটা অন্যভাবে। টুইটারে একটি খেলার ভিডিও পোস্ট করেন রাহুল গান্ধীর বোন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে, তামিলনাড়ু প্রিমিয়ার লিগের একটি ম্যাচে ব্যাটসম্যানের মারা বল বাউন্ডারির কাছে বাজপাখির মতো ছোঁ মেরে ধরছেন এক ফিল্ডার। কিন্তু তিনি যেহেতু বাউন্ডারির বাইরে বেরিয়ে যাচ্ছেন, তাই সেই বল সামনে থাকা এক প্লেয়ারের দিকে ছুঁড়ে দিচ্ছেন। সেই ফিল্ডার ক্যাচ ধরে ক্যাচটি সম্পূর্ণ করছেন।
https://twitter.com/priyankagandhi/status/1172427766488166401
এই ভিডিও দিয়ে প্রিয়ঙ্কা লেখেন, "ক্যাচ ধরার জন্য শেষ পর্যন্ত বলের দিকে নজর রাখতে হয়। নাহলে সব দোষ, মাধ্যাকর্ষণ, অঙ্ক, ওলা-উবের এবং এদিক ওদিকের বিষয়ের উপর দেবেন।" এই কথা লেখার পর প্রিয়ঙ্কা আরও জানান, এই কথা ভারতীয় অর্থব্যবস্থার বিষয়ে দেশের জনগণের জানার জন্য বলা হল।
প্রিয়ঙ্কার এই মন্তব্যের পরে এ কথা পরিষ্কার, তিনি ভারতীয় অর্থনৈতিক অবস্থার বিষয়ে অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ ও কেন্দ্রীয় মন্ত্রী পীযূষ গোয়েলের বলা মন্তব্যের কটাক্ষ করেছেন। তাঁর বক্তব্য, এই অর্থনৈতিক মন্দা থেকে দেশকে বের করে নিয়ে আসার জন্য দরকার দক্ষ পরিকল্পনা ও বিচক্ষণ সিদ্ধান্ত নেওয়া। কিন্তু বর্তমান সরকারের সেই দক্ষতা নেই। তাই সঠিক কারণ খুঁজে বের করার বদলে উল্টো-পাল্টা বক্তব্য বলে এই অবস্থাকে সামাল দেওয়ার চেষ্টা করছেন তাঁরা। প্রকৃত অবস্থা না বুঝে শুধু রাজনীতি করছে বিজেপি সরকার, এমনটাই অভিযোগ প্রিয়ঙ্কার।
কিছুদিন আগেই অর্থমন্ত্রী নির্মলা সীতারমন বলেছিলেন, মিলেনিয়ালরা গাড়ি কিনছে না, ওলা-উবেরে চাপছে। ফলে গাড়ি বিক্রি কমে গিয়েছে। গাড়ি শিল্পে মন্দা দেখা দিয়েছে। তারপরে বৃহস্পতিবার দিল্লিতে বোর্ড অব ট্রেডের বৈঠকের পরে পীযূষ গোয়েল বলেন, টেলিভিশনের পর্দায় অর্থনীতি নিয়ে যেসব হিসাব দেখায় সেসব না দেখাই ভালো। তাঁর কথায়, আপনারা যদি ৫ হাজার কোটি ডলারের অর্থনীতি চান তাহলে বছরে অর্থনীতির বিকাশ হতে হবে ১২ শতাংশ। এখন হচ্ছে ছয় শতাংশ। কিন্তু এই অঙ্কের মধ্যে যাবেন না। এই অঙ্কের সাহায্যে আইনস্টাইন মাধ্যাকর্ষণ আবিষ্কার করেননি। আপনারা যদি কেবল অতীতের ফর্মুলার মধ্যে আবদ্ধ থাকেন, তাহলে দুনিয়ায় নতুন কিছু আবিষ্কার হবে না। এই মন্তব্যের পরেই তাকে হাসির খোরাক বানানো হয় সোশ্যাল মিডিয়ায়।
অর্থনীতির মন্দা নিয়ে কংগ্রেস বেশ কিছুদিন ধরে বিজেপির সমালোচনা করে আসছে। তাদের বক্তব্য, মোট জাতীয় উৎপাদনের বৃদ্ধি নেমে গিয়েছে ৩.৩ শতাংশে। নানা ক্ষেত্রে মানুষ চাকরি হারাচ্ছেন। শুক্রবার কংগ্রেসের প্রাক্তন সভাপতি রাহুল গান্ধী টুইট করেন, ভারতের এখন প্রচার, ভুয়ো খবর বা মিলেনিয়ালদের নিয়ে বোকা বোকা মন্তব্যের দরকার নেই। অর্থনীতির হাল ফেরানোর জন্য নির্দিষ্ট পদক্ষেপ নেওয়া দরকার। তারপরেই এ দিন টুইট করলেন প্রিয়ঙ্কা গান্ধী বঢড়া।