দ্য ওয়াল ব্যুরো: পথ দুর্ঘটনায় মৃত্যু হল এক মহিলা চিতাবাঘের। পুলিশ জানিয়েছে চিন্তাবাঘটি অন্তঃস্বত্ত্বা ছিল। যে গাড়ির ধাক্কায় চিতাবাঘটির মৃত্যু হয়েছে, তার খোঁজ শুরু করেছে পুলিশ।
ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের থানে জেলার মীরা ভায়ান্ডার এলাকার কাশীমিরাতে। রবিবার রাতে এই দুর্ঘটনা ঘটেছে বলে খবর। পুলিশ জানিয়েছে, মুম্বই-আহমেদাবাদ হাইওয়ের উপরে এই দুর্ঘটনা ঘটেছে।
সঞ্জয় গান্ধী ন্যাশনাল পার্কের চিফ কনজারভেটর জি মল্লিকার্জুন জানিয়েছেন, “রবিবার রাতে সাড়ে ১২টা নাগাদ মুম্বই-আহমেদাবাদ হাইওয়ের উপরে একটি মহিলা চিতাবাঘ গাড়ির ধাক্কায় গুরুতর আহত হয়। সঙ্গে সঙ্গে আমাদের কর্মীদের খবর দেওয়া হয়। তাঁরা গিয়ে চিতাবাঘটিকে উদ্ধার করে ন্যাশনাল পার্কে নিয়ে আসেন।”
মল্লিকার্জুন আরও জানিয়েছেন, “মহিলা চিতাবাঘটি গুরুতর আহত ছিল। তাই অনেক চেষ্টা করার পরেও রাত ২টো ১৫ মিনিট নাগাদ চিতাবাঘটি মারা যায়। চিকিৎসকদের একটি দল বাঘটির ময়নাতদন্ত করেছে। তাতে দেখা গিয়েছে ভারী ধাতব কিছুর ধাক্কায় গুরুতর আহত হয়েছিল বাঘটি। এর থেকে প্রমাণিত গাড়ি ধাক্কা মেরেছে চিতাবাঘটিকে। তার দেহের একাধিক জায়গায় আঘাত লেগেছে। অনেকগুলি হাড় ভেঙেছে। আর তার ফলেই অনেক চেষ্টা করেও তাকে বাঁচানো যায়নি।”
ওই আধিকারিক আরও জানিয়েছেন, চিতাবাঘটির পেটে তিনটি বাচ্চা ছিল। তার মানে এই দুর্ঘটনায় চারটি চিতাবাঘের মৃত্যু হয়েছে। এটা খুবই দুর্ভাগ্যজনক। আমরা সবাইকে অনুরোধ করতে চাই, হাইওয়েতে বিশেষ করে রাতের বেলায় গাড়ি চালানোর সময় সাবধানে গাড়ি চালাতে।
ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। যে গাড়িটি চিতাবাঘটিকে ধাক্কা মারে সেটি পালিয়ে গিয়েছে। গাড়িটিকে চিহ্নিত করার প্রক্রিয়া শুরু করেছে পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তারা। পুলিশ জানিয়েছে, এই ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের ধরে কড়া শাস্তি দেওয়া হবে। শাস্তির দাবি তুলেছে বেশ কিছু পশুপ্রেমী সংগঠনও।