দ্য ওয়াল ব্যুরো : হরিয়ানার নামকরা শিল্পী স্বপ্না চৌধুরীর কংগ্রেসে যোগ দেওয়ার খবর শুনে তাঁকে এবং রাহুল গান্ধীকে জড়িয়ে মন্তব্য করেছিলেন উত্তরপ্রদেশের রোহনিয়ার বিজেপি বিধায়ক সুরেন্দ্র সিং। তাঁর মন্তব্য থেকে বাদ যাননি রাহুল গান্ধীর মা সনিয়া গান্ধীও। আর এই মন্তব্যের পরেই শুরু হয়েছে সমালোচনা। স্বপ্না চৌধুরী থেকে শুরু করে রাজনৈতিক নেতা-নেত্রীরা, প্রত্যেকেই তাঁর নিন্দে করেছেন।
শনিবার শোনা গিয়েছিল, কংগ্রেসে যোগ দিয়েছেন স্বপ্না চৌধুরী। এই কথা শোনার পরেই সুরেন্দ্র সিং বলেন, “বাবার পথেই হাটছেন রাহুল গান্ধী। রাহুলজির মাও ইতালিতে এই একই পেশায় ( পড়ুন গায়িকা ও নৃত্যশিল্পী ) ছিলেন। যেমন করে রাজীব গান্ধী সনিয়াজিকে নিজের করে নিয়েছেন, তেমন করেই আপনিও স্বপ্নাকে নিজের বানিয়ে নিয়েছেন।” শুধু এই বলেই থেমে থাকেননি সুরেন্দ্র। তিনি আরও বলেন, “সবথেকে ভালো ব্যাপার হচ্ছে শাশুড়ি ও বউমা একই পেশার সঙ্গে যুক্ত।”
রবিবারই বিগ বস খ্যাত এই শিল্পী জানান, কোনও রাজনৈতিক দলে যোগ দেননি তিনি। তবে হ্যাঁ, কংগ্রেসের হয়ে প্রচারে তাঁকে দেখা যেতে পারে। তবে এর সঙ্গেই সুরেন্দ্র সিংকে একহাত নেন স্বপ্না। টুইটারে তিনি বলেন, "রাহুল গান্ধী আমার বড় দাদার মতো। কিন্তু এই বিজেপি বিধায়কের মন্তব্য আমাকে খুব কষ্ট দিয়েছে। জাতীয় দলের একজন বিধায়কের এই ধরণের মন্তব্য অত্যন্ত কুরুচিকর ও জঘন্য বলে আমি মনে করি। এই মন্তব্য করে উনি নিজের চরিত্র ও সংস্কৃতির পরিচয় দিয়েছেন।"
এই মন্তব্যের নিন্দে করেছেন আম আদমি পার্টি নেতা সঞ্জয় সিং। তিনিও টুইট করে জানান, "আপনার যদি সনিয়া গান্ধীর সঙ্গে শত্রুতা থাকে, তাহলে তাঁকে ভোটে হারিয়ে দেখান। এই ধরণের মন্তব্য করার কী মানে।" কাশ্মীরের পিডিপি নেত্রী মেহবুবা মুফতিও টুইট করে বলেছেন, "এই ধরণের নোংরা চিন্তাভাবনাকে পরিষ্কার করার জন্য আমাদের অন্য ধরণের ফিনাইল লাগবে। যখন শাসক দলের এক বিধায়ক এই ধরণের আবর্জনার মতো মন্তব্য করেন, তার মানে উপর থেকে তাঁকে নির্দেশ দেওয়া আছে। ব্যক্তিকে আক্রমণ করা বর্তমানে ভারতীয় রাজনীতির বৈশিষ্ট হয়ে দাঁড়িয়েছে।"
তবে এই প্রথম নয়, যখন সুরেন্দ্র সিং এই ধরণের মন্তব্য করেছেন। বসপা নেত্রী মায়াবতীকে অতীতে বহুবার আক্রমণ করেছেন এই বিজেপি বিধায়ক। এমনকী, কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীকে রাবণ ও সাধারণ সম্পাদক প্রিয়ঙ্কা গান্ধীকে শূর্পণখা বলে মন্তব্য করেছিলেন সুরেন্দ্র। ভারতে হিন্দু জনসংখ্যা বাড়ানোর জন্য প্রত্যেক হিন্দুকে পাঁচটি করে সন্তান নেওয়ার নিদানও দিয়েছিলেন তিনি।
আরও পড়ুন
https://www.four.suk.1wp.in/i-cant-become-a-chowkidar-because-im-a-brahmin-says-bjp-mp-subramanian-swamy/