দ্য ওয়াল ব্যুরো: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর তদন্ত করতে গিয়ে বলিউডের সঙ্গে মাদক যোগের হদিশ পেয়েছে সিবিআই। নাম উঠে এসেছে সুশান্তের বন্ধু তথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের প্রযোজক সন্দীপ সিংয়ের। আর তারপরেই তেড়েফুঁড়ে লেগেছে বিরোধী দলগুলি। শিবসেনার পরে এবার অভিযোগ করল কংগ্রেসও। সন্দীপ সিংকে গুজরাতে বিশাল চুক্তি পাইয়ে দেওয়ার অভিযোগ উটেছে বিজেপির বিরুদ্ধে। এমনকি গত কয়েক মাসে নাকি বিজেপি দফতরে ৫৩ বার ফোনও করেছেন সন্দীপ।
কংগ্রেসের মুখপাত্র অভিষেক সিংভী বলেন, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বায়োপিকের প্রযোজককে কে বাঁচানোর চেষ্টা করছে? সুশান্তের ঘনিষ্ঠ বলে পরিচিত সন্দীপ গত কয়েক মাসে মহারাষ্ট্রের বিজেপি দফতরে ৫৩ বার ফোন করেছেন। কার কাছে সুরক্ষা চাইছেন তিনি?”
তিনি আরও বলেন, “রাজনৈতিক দল বলিউডের বিষয়ে ঢোকে না। কিন্তু যদি কোনও অভিযুক্ত যদি শাসক দলের সঙ্গে যুক্ত থাকেন, তাহলে তিনি কার সঙ্গে যুক্ত সেটা জানতে চায় গোটা দেশ। বিজেপিতে কে সন্দীপ সিংকে বাঁচানোর চেষ্টা করছেন? সন্দীপ সিংয়ের জন্যই কি তাড়াতাড়ি সিবিআই তদন্তের দায়িত্ব দেওয়া হল? এই ধরনের লোকের কেন বিজেপির সঙ্গে সম্পর্ক রয়েছে?”
মহারাষ্ট্রের প্রাক্তন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ ও বিজেপি নেতা নিতীন গড়কড়ির কাছে জবাব চেয়েছেন অভিষেক সিংভী। তিনি বলেন, “সন্দীপ সিং একজন সাধারণ মানুষ নন। কারণ তৎকালীন মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়ণবীশ তাঁর ছবির পোস্টারের উদ্বোধন করেছিলেন।”
এর আগে গতকাল একই ধরনের অভিযোগ করেন শিবসেনা নেতা তথা মহারাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী অনিল দেশমুখ। তিনি বলেন, “সিবিআই সন্দীপ সিংকে নিয়ে তদন্ত করবে। তিনি প্রধানমন্ত্রীর বায়োপিক প্রযোজনা করেছিলেন। বিজেপির সঙ্গে তাঁর কী সম্পর্ক আছে তা খতিয়ে দেখা হবে। সেইরকম ভাবেই বলিউড ও মাদকের সঙ্গে তাঁর কী যোগ আছে তাও তদন্ত হবে। আমি এই বিষয়ে অনেক অভিযোগ পেয়েছি। আমরা এই তদন্তের আবেদন জানাচ্ছি।”
কংগ্রেসের মুখপাত্র শচীন সাওয়ান্ত বলেন, “বিজেপি, বলিউড ও মাদকের মধ্যে কী যোগ রয়েছে তা খতিয়ে দেখা উচিত মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর। বিজেপি ও বলিউডের যোগের কথা সবাই জানে। তাহলে কি কাউকে বাঁচানোর জন্য সিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। মহারাষ্ট্র সরকারের এই দিকটা তদন্ত করে দেখা উচিত।”
যদিও এইসব অভিযোগ উড়িয়ে দিয়েছেন মহারাষ্ট্রের বিজেপির মুখপাত্র কেশব উপাধ্যায়। তিনি ২০১৫ সালের একটি আর্টিকল সামনে আনেন, যেখানে লেখা হয়েছিল শিবসেনার প্রতিষ্ঠাতা বাল ঠাকরের পুত্রবধূ স্মিতা থাকরে তাঁর বায়োপিক করার জন্য সন্দীপ সিংয়ের সঙ্গে কথা বলছেন। এই আর্টিকল তুলে ধরে তিনি বলেন, “আগে হোমওয়ার্ক করে আসুন। আপনারা কি এর মধ্যেও যোগ পাচ্ছেন?”
সম্প্রতি সুশান্ত সিং রাজপুতের মৃত্যু তদন্তে মাদক যোগ রয়েছে বলে জানতে পেরেছেন তদন্তকারীরা। মূল অভিযুক্ত রিয়া চক্রবর্তীর হোয়াটসঅ্যাপ ঘেঁটে এমনটাই জানা গিয়েছে। সেই মাদক যোগ নিয়ে তদন্ত শুরু করেছে নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। তার মধ্যেই এবার এই মাদক যোগ নিয়ে শুরু হল রাজনৈতিক তরজা।