দ্য ওয়াল ব্যুরো: আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় প্রাক্তন কেন্দ্রীয় অর্থমন্ত্রী পি চিদম্বরকে সোমবার পর্যন্ত সিবিআই হেফাজরে রাখার নির্দেশ দিল বিশেষ আদালত। শুক্রবারের শুনানিতে সিবিআই-এর তরফে সোমবার পর্যন্ত চিদম্বরমকে হেফাজতে রেখে জেরা করার অনুমতি চাওয়া হয়। আদালত তা মঞ্জুর করেছে।
আইএনএক্স মিডিয়া দুর্নীতি মামলায় সিবিআইয়ের পাশাপাশি তদন্ত করছে আরএক কেন্দ্রীয় তদন্ত এজেন্সি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তারাও চিদম্বরমকে হেফাজতে নিয়ে জেরা করতে চেয়ে আদালতে আবেদন করেছিল। যদিও সেই মামলায় কোর্টে স্বস্তি মিলেছে ৭৩ বছর বয়সী বর্ষীয়ান এই কংগ্রেস নেতার। আদালত নির্দেশ দিয়েছে, ৫ সেপ্টেম্বর পর্যন্ত চিদম্বরমকে গ্রেফতার করতে পারবে না ইডি।
এই দুর্নীতি মামলায় নাম রয়েছে চিদম্বরমের ছেলে কার্তি চিদম্বরমেরও। পৃথিবীর একাধিক দেশে বিপুল পরিমাণ সম্পত্তির সন্ধ্যান মিলেছে। কার্তিও এই মামলায় আপাতত জামিনে মুক্ত।
গ্রেফতার হওয়ার আগে আইএনএক্স মিডিয়া মামলায় তিনবার জেরার মুখে পড়েছেন চিদম্বরম। তিনি আদালতে বলেন, জেরায় সব প্রশ্নেরই যথাযথ জবাব দিয়েছিলেন। তাঁকে গ্রেফতার করার দরকার ছিল না। সপ্তাহ দেড়েক আগেই নয়াদিল্লির জোড়বাগের বাংলো থেকে নাটকীয় কায়দায় তাঁকে গ্রেফতার করে সিবিআই। তারপর থেকেই সিবিআই হেফাজতে রয়েছেন প্রাক্তন কেন্দ্রীয় অর্থ ও স্বরাষ্ট্রমন্ত্রী।