দ্য ওয়াল ব্যুরো: ভারতে আনলক ফেজ ওয়ান শুরু হওয়ার পর থেকেই বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা। দেশের সঙ্গে পাল্লা দিয়ে আক্রান্তের সংখ্যা বাড়ছে দিল্লিতেও। রাজধানীর এই অবস্থায় ফের নতুন করে লকডাউন হওয়ার কথা শোনা যাচ্ছিল। কিন্তু দিল্লি সরকারের তরফে স্পষ্ট জানিয়ে দেওয়া হল, আর লকডাউন বাড়ানো হবে না।
শুক্রবার কেজরিওয়াল সরকারের স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন সংবাদসংস্থা এএনআইকে একথা জানান। তিনি বলেন, "এই মুহূর্তে আর লকডাউন বাড়ানো সম্ভব নয়। কারণ রাজ্যের অর্থনীতির অবস্থা খারাপ। এই অবস্থায় নতুন করে অর্থনীতি চালু করতে হবে। তাই লকডাউন আর বাড়বে না। তবে স্বাস্থ্য পরিষেবা কী ভাবে আরও উন্নত করা যায় সেই চেষ্টা করছি আমরা। মুখ্যমন্ত্রী আগেই বলেছেন, করোনাকে সঙ্গে নিয়েই বাঁচতে হবে আমাদের। সেই কাজই আমরা করছি। পরিস্থিতি মোকাবিলা করতে আমাদের স্বাস্থ্য পরিষেবা তৈরি আছে।"
গত কিছুদিন ধরে দিল্লিতে ক্রমাগত বাড়ছে আক্রান্তের সংখ্যা। প্রায় প্রতিদিন হাজারের বেশি আক্রান্তের খবর আসছে। মৃত্যুর সংখ্যাও হাজারের বেশি। এখনও পর্যন্ত রাজধানীতে আক্রান্তের সংখ্যা ৩৪ হাজারের বেশি। মৃত্যু হয়েছে ১০৮৫ জনের।
আক্রান্তের সংখ্যা এভাবে বাড়তে থাকায় শোনা যাচ্ছিল ফের নতুন করে লকডাউন করা হতে পারে। সোশ্যাল মিডিয়ায় আলোচনা শুরু হয়, ১৫ জুন থেকে ৩১ জুলাই পর্যন্ত ফের লকডাউন বাড়তে পরে রাজধানীতে। টুইটারে ট্রেন্ড দেখা যায় 'রি-লক দিল্লি'। সেই সম্ভাবনা উড়িয়ে দিলেন স্বাস্থ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আগেই সাংবাদিক সম্মেলনে বলেছেন, জুলাই মাসের শেষে দিল্লিতে আক্রান্তের সংখ্যা সাড়ে ৫ লাখ পর্যন্ত হতে পারে। এই পরিস্থিতিতে রাজধানীর হাসপাতালগুলিতে বেডের সংখ্যা বাড়ানোর ব্যাপারেও চিন্তা ভাবনা করা হচ্ছে। কেন্দ্রের তরফে নিয়োগ করা পাঁচ সদস্যের এক কমিটি জানিয়েছে, জুলাই মাসের মাঝামাঝি পর্যন্ত দিল্লিতে অন্তত ৪২ হাজার বেডের ব্যবস্থা করতে হবে। নইলে রোগীদের চিকিৎসা করা মুশকিল হবে। পরিস্থিতি সামলাতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে দেখা করেন কেজরিওয়াল। পরিস্থিতি মোকাবিলায় কেন্দ্রের সাহায্য ছেয়েছেন আপ প্রধান।