দ্য ওয়াল ব্যুরো: বিহারে শুরু হয়েছে শেষ দফার ভোট। মোট ৭৮টি কেন্দ্রে হবে ভোটগ্রহণ। এই পর্ব মিটে গেলেই বিহারের ২৪৩টি কেন্দ্রের ভোটগ্রহণ শেষ হয়ে যাবে। সকাল থেকেই ভোট দিতে বুথের বাইরে ভিড় করেছেন সাধারণ মানুষ। মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। নিরাপত্তার কড়াকড়ি রয়েছে প্রতিটি বুথেই। আর এই শেষ দফার আগে টুইট করে বিহারের মানুষকে এক নতুন রেকর্ড গড়ার বার্তা দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
শনিবার সকালে হিন্দিতে টুইট করে প্রধানমন্ত্রী বলেন, “বিহারের মানুষরা বিধানসভা নির্বাচনের তৃতীয় তথা শেষ দফার ভোট দিতে চলেছেন। আমি সব ভোটারদের কাছে অনুরোধ করছি প্রচুর সংখ্যায় বাড়ির বাইরে বেরিয়ে এসে গণতন্ত্রের এই উৎসবে যোগ দিন ও নতুন রেকর্ড গড়ুন। এবং অবসশ্যই মাস্ক পরুন ও সামাজিক দূরত্ব বজায় রাখুন।”
https://twitter.com/narendramodi/status/1324887170247655424?s=19
তৃতীয় দফার এই নির্বাচনের আগে বিহারে ১২টিরও বেশি জনসভা করেছেন প্রধানমন্ত্রী। তার মধ্যে অনেক সভাতেই নীতীশ কুমারকেও দেখা গিয়েছে। সেখানে সবার সামনে জেডিইউ প্রধান তথা বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমারকেই ফের একবার ক্ষমতায় ফিরিয়ে আনার আবেদন করেন তিনি। মোদী বলেন, বিহারের মানুষ মনস্থির করে নিয়েছেন, ফের একবার নীতীশকেই ক্ষমতায় আনবেন তাঁরা। বিহারে এনডিএ জোটের মুখ হিসেবে নীতীশকেই তুলে ধরেছে বিজেপি। বারবার বলা হয়েছে, এনডিএ ক্ষমতায় এলে ফের একবার মুখ্যমন্ত্রী হবেন নীতীশ কুমার।
এর মধ্যেই অবশ্য এই নির্বাচনকে নিজের শেষ নির্বাচন বলে উল্লেখ করেছেন নীতীশ কুমার। বৃহস্পতিবার পুর্নিয়ায় জনসভা থেকে তিনি বলেন, "আজ আমি শেষবারের মতো ভোটের প্রচার করতে এসেছি। এর পরে আমি আর নির্বাচনে অংশগ্রহণ করব না।" এরপর তিনি বলেন, 'অন্ত ভালা তো সব ভালা।' অর্থাৎ যার শেষ ভাল, তার সব ভাল। নীতীশের সমালোচকরা অবশ্য বলেছেন, অতীতেও জেডিইউ নেতা এমন চমকপ্রদ ঘোষণা করেছেন। কিন্তু সেই অনুযায়ী কাজ করেননি।
নীতীশের এই মন্তব্যকে কটাক্ষ করে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা কংগ্রেস নেতা পি চিদম্বরম টুইট করে বলেন, “যখন নীতীশ কুমার ঘোষণা করেছেন এটাই তাঁর শেষ নির্বাচন তার অর্থ তিনি মনে মনে নিজের হার স্বীকার করে নিয়েছেন।” এখানেই থেমে থাকেননি চিদম্বরম। তিনি আরও বলেন, “নীতীশ কুমারের এই শেষ বক্তব্য থেকে পরিষ্কার তাঁর কাজের নিরিখে সমর্থকদের কাছে ভোট চাওয়ার আবেদন নয়, বরং কাজ না করতে পারায় সবার কাছে ক্ষমা চাইছেন তিনি। বিহারের মানুষ এমন কাউকে কেন ভোট দেবেন যিনি ক্ষমতায় আসলে প্রথম দিন থেকেই ঠুঁটো জগন্নাথ হয়ে থাকবেন।”
এই টান টান উত্তেজনার মাঝেই আজ তৃতীয় দফার ভোটে ১৫টি জেলার প্রায় ২ কোটি ৩০ লাখের বেশি মানুষ ভোট দেওয়ার তালিকায় রয়েছেন। এই দফায় মোট ১২০৪ জন প্রার্থীর ভাগ্য নির্ধারণ হবে। তার মধ্যে ছাতাপুর কেন্দ্র থেকে অভিনেতা সুশান্ত সিং রাজপুতের তুতো ভাই বিজেপি প্রার্থী নীরজ কুমার সিং, বিহারিগঞ্জ কেন্দ্র থেকে প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী শরদ যাদবের মেয়ে কংগ্রেস প্রার্থী সুভাষিণী শরদ যাদব, সরাইরঞ্জন কেন্দ্র থেকে বিহার বিধানসভার স্পিকার জেডিইউ প্রার্থী বিজয় কুমার চৌধরী প্রমুখ উল্লেখযোগ্য।