দ্য ওয়াল ব্যুরো: পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জইশ জঙ্গিদের হামলার ঘটনা ঘটেছিল ১৪ ফেব্রুয়ারি বিকেলে। তারপর ১২ দিনও সময় নেয়নি ভারত। ২৬ ফেব্রুয়ারি কাকভোরে প্রত্যাঘাত করেছিল ভারতীয় বায়ুসেনা। কাকপক্ষীতেও টের পায়নি সেই অপারেশনের কথা। বিমান উড়িয়ে নিয়ে গিয়ে পাকিস্তানের ভিতরে ঢুকে বালাকোটে জইশ-ই-মহম্মদের প্রধান লঞ্চপ্যাডকে উড়িয়ে দিয়েছিল আইএএফ। সেই গোটা ঘটনার প্রমোশনাল ভিডিও প্রকাশ করল বায়ুসেনা।
ভারতীয় বায়ুসেনার তরফে শুক্রবার এই ভিডিও প্রকাশ করা হয়েছে। তাতে স্পষ্ট বলা হয়েছে, পুলওয়ামার ঘটনায় নিহত জওয়ানদের প্রাণের বদলা নেওয়া হয়েছে। ওই সময়ে পাকিস্তানের তরফে দাবি করা হয়েছিল, তারা নাকি ভারতের আকাশসীমায় ঢুকে হামলা চালিয়ে গিয়েছে। কিন্তু এই ভিডিওতে বায়ুসেনা বলেছে, পাকিস্তানের হামলার কথা পুরোটাই ভুয়ো।
https://twitter.com/ANI/status/1180014326805073920
বালাকোটে কী হয়েছিল তা নিয়ে বিরোধীরা প্রশ্ন তুলেছিল সেই সময়ে। অনেকে বলেছিলেন, প্রমাণ দিক সরকার। রয়টার্সের মতো একাধিক আন্তর্জাতিক সংবাদমাধ্যমেও দাবি করা হয়, বালাকোটে জইশের প্রধান প্রশিক্ষণ শিবিরের কোনও ক্ষতিই নাকি হয়নি। এর পর তিন বাহিনীর প্রধান একযোগে সাংবাদিক সম্মেলন করে বলেন, “আমরা আমাদের টার্গেট পূরণ করেছি। প্রমাণ যা দেওয়ার সরকার দেবে।”
এ দিনের ভিডিও প্রকাশের পর বায়ুসেনার তরফে বলা হয়েছে, এই ভিডিও দেশের তরুণ প্রজন্মকে উদ্বুদ্ধ করবে। একই ভাবে ঐতিহাসিক দলিল হিসেবেও থেকে যাবে।