দ্য ওয়াল ব্যুরো: করোনা ভাইরাস প্রতিরোধের জন্য অ্যাস্ট্রাজেনেকা ও অক্সফোর্ডের গবেষকদের তৈরি কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের তৈরি কোভ্যাক্সিন টিকাকে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য ছাড়পত্র দিয়ে দিল ড্রাগ কন্ট্রোলার।
ড্রাগ কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া ভি জি সোমানি রবিবার সকালে সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন, সেরাম ইনস্টিটিউটের কোভিশিল্ড এবং ভারত বায়োটেকের কোভ্যাক্সিন বিভিন্ন পর্যায়ে তাদের ভ্যাকসিনের ট্রায়াল চালিয়েছে। সেই রিপোর্ট তারা পেশ করেছিল ড্রাগ কন্ট্রোলের কাছে। তা সন্তোষজনক মনে হওয়ার পর এই দুই টিকাকে নিয়ন্ত্রিত ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে।
https://twitter.com/narendramodi/status/1345607881366728705
ওই সাংবাদিক বৈঠক শেষ হতে না হতেই এদিন টুইট করে শুভেচ্ছা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তিনি বলেন, “যে দুটি ভ্যাকসিনকে জরুরি ব্যবহারের জন্য ছাড়পত্র দেওয়া হয়েছে, সেই দুটিই ভারতে তৈরি হয়েছে। এটা প্রতিটি ভারতীয়র কাছে খুবই গর্বের বিষয়”। প্রধানমন্ত্রীর কথায়, “আত্মনির্ভর ভারতের স্বপ্নকে বাস্তবায়িত করতে আমাদের বৈজ্ঞানিক সমাজ কতটা আগ্রহী ও উৎসাহী তা এতেই প্রমাণিত।”
প্রধানমন্ত্রীকে প্রতি শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়েছেন সেরাম ইনস্টিটিউটের কর্ণধার আদর পুনাওয়ালাও।
https://twitter.com/adarpoonawalla/status/1345610709929922560