দ্য ওয়াল ব্যুরোঃ করোনা সংক্রমণ শুরু হওয়ার পর থেকে রাজ্য তথা কলকাতা পুলিশে একের পর এক সংক্রমণের ঘটনা সামনে এসেছে। মৃত্যুও হয়েছে প্রথম সারিতে দাঁড়িয়ে কাজ করা একাধিক পুলিশ আধিকারিকের। এবার করোনাকে জয় করে ফিরে এলেন বেনিয়াপুকুর থানার ওসি অলক সরকার। ভেন্টিলেশন, এমনকি একমো সাপোর্টেও ছিলেন তিনি। অত্যন্ত সংকটজনক অবস্থা থেকে এভাবে ওসির সুস্থ হয়ে আসার খবরে খুশির হাওয়া পুলিশ মহলে।
বেনিয়াপুকুর থানার ওসি অলক সরকার করোনা আক্রান্ত হয়ে ৩৪ দিন আগে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। ধীরে ধীরে তাঁর অবস্থা খারাপ হতে থাকে। ফলে ভেন্টিলেশনে রাখা হয় তাঁকে। অবস্থা আরও খারাপ হলে একমো সাপোর্টে রাখা হয় ওই পুলিশ আধিকারিককে। প্রাথমিক দিকে ডাক্তাররা আশার কথা শোনাতে পারেননি। চরম দুশ্চিন্তার মধ্যে দিন কাটিয়েছেন তাঁর পরিবার।
কিন্তু হার মানেননি অলকবাবু। এক মাসের বেশি সময় ধরে লড়াই করেছেন তিনি। তার ফলে হারতে হয়েছে করোনাভাইরাসকে। গতকালই হাসপাতাল থেকে ছাড়া হয় তাঁকে। বাড়ি ফিরেছেন বেনিয়াপুকুরের ওসি। তাঁর এই সুস্থ হয়ে ওঠায় খুশির হাওয়া কলকাতার পুলিশ মহলে। যেভাবে চিকিৎসকরা অক্লান্ত পরিশ্রম করেছেন, তার জন্য ধন্যবাদ জানানো হয়েছে কলকাতা পুলিশের তরফে।
এর আগে একের পর এক পুলিশ আধিকারিকের মৃত্যুর ঘটনা সামনে এসেছে। গত ২৪ সেপ্টেম্বর মারা গিয়েছেন হরিদেবপুর থানার অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর তুষার কান্তি কোলে। গত ১০ সেপ্টেম্বর আক্রান্ত হয়ে মৃত্যু হয় আরও এক অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টরের। তাঁর নাম গৌতম মাহাতো। কলকাতা পুলিশের স্পেশ্যাল ব্রাঞ্চে কর্মরত ছিলেন তিনি।
গত ২১ অগস্ট করোনা আক্রান্ত হয়ে মৃত্যু হয় কলকাতা পুলিশের এসিপি উদয় শঙ্কর বন্দ্যোপাধ্যায়ের। বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যু হয় তাঁর। কলকাতা পুলিশের এত বড় পদ মর্যাদার আর কারও মৃত্যু হয়নি। করোনা আক্রান্ত হয়েছেন কলকাতার পুলিশ কমিশনার অনুজ শর্মা। আক্রান্ত হন প্রাক্তন গোয়েন্দা প্রধান পল্লবকান্তি ঘোষ। মৃত্যু হয় তাঁর স্ত্রীর।
সূত্রের খবর, ইতিমধ্যেই কলকাতা পুলিশের ২ হাজারের বেশি কর্মী সংক্রামিত হয়েছেন। সুরক্ষার স্বার্থে লালবাজারের ভিতরে তৈরি হয়েছে পৃথক আইসোলেশন সেল। কিন্তু তাতেও কোনও ভাবেই এড়ানো যাচ্ছে না করোনার সংক্রমণ। একদম সামনের সারিতে থেকে করোনার বিরুদ্ধে লড়াই করে যোদ্ধাদের এমন মর্মান্তিক পরিণতিতে চিন্তায় রয়েছে প্রশাসনও। কিন্তু তারমধ্যেও অলকবাবুর এই সুস্থ হয়ে ওঠার খবরে কিছুটা স্বস্তি কলকাতার পুলিশ মহলে।