দ্য ওয়াল ব্যুরো : সোমবার সপ্তাহের প্রথম দিনে সকালে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেছিলেন এক তরুণী। চালকের তৎপরতায় রক্ষা পান তিনি। ফের সন্ধেবেলা ব্যস্ত সময়ে মেট্রোয় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করল এক যুবক।
সোমবার রাতে সাড়ে সাতটা নাগাদ বেলগাছিয়া মেট্রো স্টেশনে ঘটে এই ঘটনা। দমদম থেকে কবি সুভাষগামী মেট্রোর সামনে ঝাঁপ দেয় ওই যুবক। সঙ্গে সঙ্গে মেট্রোর আরপিএফ কর্মীরা ওই যুবককে উদ্ধার করে নিয়ে যান আরজি কর হাসপাতালে। সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয়। এই ঘটনার জেরে প্রায় আধঘণ্টা বন্ধ থাকে মেট্রো পরিষেবা। আটটার পর থেকে ফের তা স্বাভাবিক হয়। তবে অফিস ফেরত সময় হয় সমস্যায় পড়েন নিত্যযাত্রীরা।
পুলিশ সূত্রে খবর, মৃত যুবকের নাম দিগন্তন রায়। ১৯ বছরের এই কলেজ পড়ুয়ার বাড়ি পূর্ব মেদিনীপুরে। তার বাড়িতে খবর দেওয়া হয়েছে বলে জানিয়েছে পুলিশ। কেন সে আত্মহত্যা করল, সে সম্পর্কে এখনও কিছু জানা যায়নি।
এর আগে সোমবার সকাল ৮টা ১৪ মিনিট নাগাদ আত্মহত্যা করার চেষ্টা করেন এক তরুণী। দমদম থেকে কবি সুভাষগামী একটি মেট্রো তখন সেন্ট্রাল স্টেশনে ঢুকছিল। হঠাৎ করেই ট্রেনের সামনে ঝাঁপিয়ে পড়েন তিনি। সঙ্গে সঙ্গে ইমারজেন্সি ব্রেক কষেন ড্রাইভার। মেট্রোর লাইনের বিদ্যুৎ সংযোগও বন্ধ করা হয় সঙ্গে সঙ্গে। ফলে বেঁচে যান ওই তরুণী।
তরুণীকে আহত অবস্থায় মেডিক্যাল কলেজে নিয়ে যান মেট্রোর নিরাপত্তারক্ষীরা। এর ফলে বেশ কিছুক্ষণ গিরিশ পার্ক থেকে ময়দানের মধ্যে মেট্রো পরিষেবা বন্ধ থাকে। ফলে বিপাকে পড়েন যাত্রীরা। সপ্তাহের প্রথম দিনে অফিসের ব্যস্ত সময়ে এই ঘটনা ঘটায় অনেকেই বাধ্য হয়ে মেট্রো ছেড়ে বাসের পথ ধরেন। কিছুক্কখণ বন্ধ থাকার পর ৮টা ৪০ মিনিট নাগাদ পরিষেবা স্বাভাবিক হয়।