
শেষ আপডেট: 9 March 2019 08:07
পুলিশ জানিয়েছে, ২৭টি বস্তায় প্রায় এক হাজার কেজি পটাসিয়াম নাইট্রেট নিয়ে কলকাতার দিক থেকে উত্তর চব্বিশ পরগনার দিকে যাচ্ছিল টাটা ৪০৭ গাড়িটি। পুলিশ আরও জানিয়েছে, গাড়ির চালক ইন্দ্রজিৎ ভুঁই এবং খালাসি পদ্মলোচন দে দু’জনেই ওড়িশার বালেশ্বরের বাসিন্দা।
দু’জনকেই জেরা করছে পুলিশ। কোথা থেকে এই বিস্ফোরক আনা হচ্ছিল, কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, এর সঙ্গে বড় কোনও চক্র জড়িত কি না এ সবই জানতে চেষ্টা করছে তারা। গত মাসে দক্ষিণ চব্বিশ পরগণা পুলিশ ডায়মন্ড হারবার রোড থেকে একটি ট্রাককে আটক করেছিল। তাতেও অস্ত্র বোঝাই ছিল বলে পুলিশ জানিয়েছিল। তারপর এই ঘটনা প্রশাসনের মধ্যেও চাঞ্চল্য তৈরি করেছে।
প্রসঙ্গত, পুলওয়ামায় জঙ্গি হামলার পর থেকেই সারা দেশে কড়া সতর্কতা জারি করা হয়েছে। তার মধ্যেই কলকাতা শহরে এত পরিমাণ বিস্ফোরক উদ্ধারের ঘটনা চিন্তার ব্যাপার বইকি। পুলিশের প্রাথমিক অনুমান ওড়িশার বারিপদা দিয়ে বাংলায় ঢুকেছে এই গাড়িটি। এখন দেখার চালক এবং খালাসিকে জেরা করে আর কী কী তথ্য পায় পুলিশ।