দ্য ওয়াল ব্যুরো: উত্তর কাশ্মীরের সোপরে এনকাউন্টারে নিহত হয়েছে জইশ-ই-মহম্মদের এক কম্যান্ডার। নিরাপত্তাবাহিনী সূত্রে খবর, মঙ্গলবার রাত থেকেই সোপরের আরামপোরা এলাকায় শুরু হয়েছে অভিযান। গোপন সূত্রে নিরাপত্তারক্ষীদের কাছে আগেই খবর ছিল এই এলাকাতেই লুকিয়ে রয়েছে জইশের এক কুখ্যাত জঙ্গি এবং কম্যান্ডার। বুধবার সন্ধ্যায় জম্মু ও কাশ্মীর পুলিশ জানিয়েছে সংঘর্ষের এলাকা থেকে উদ্ধার হয়েছে এক জঙ্গির দেহ। জানা গিয়েছে, মৃত জঙ্গি জইশ-ই-মহম্মদের কম্যান্ডার সাজাদ আহমেদ দার।
জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে খবর, ওই এলাকায় একটি বাড়িতে ঘাঁটি গেড়েছিল চার জঙ্গি। সাধারণ মানুষকে নিত্যদিন হেনস্থা করছিল তারা। এলাকায় অশান্তি ছড়ানোয় যথেষ্ট ইন্ধন ছিল এদের। এইসব খবর পেয়েই অভিযান চালান নিরাপত্তারক্ষীরা। বাকি জঙ্গিদের খোঁজে এখনও জারি রয়েছে তল্লাশি। চোট পেয়েছেন কয়েকজন নিরাপত্তারক্ষীও।
সূত্রের খবর, বছর দুই আগে জঙ্গি সংগঠনে নাম লেখায় নিহত সাজাদ আহমেদ দার। অত্যাধুনিক অস্ত্র চালনা এবং কম্পিউটারে দক্ষ ছিল সে। সোপরের আমআদমিকে রীতিমতো ভয় দেখিয়ে রেখেছিল সে। বিভিন্ন ভয়াবহ নাশকতামূলক কার্যকলাপের সঙ্গে ইতিমধ্যেই নাম জড়িয়েছিলেই সাজাদ আহমেদ দারের। অনেকদিন থেকেই পুলিশ এবং নিরাপত্তাবাহিনীর নজরে ছিল জইশের এই সদস্য। অবশেষ তাকে খতম করেছে নিরাপত্তারক্ষী।
গত এক সপ্তাহে এই নিয়ে ১০ জন জঙ্গিকে নিকেশ করেছে নিরাপত্তাবাহিনী। শহিদ হয়েছেন ৫ সেনা জওয়ানও। দক্ষিণ কাশ্মীরের কুলগামের বাতপুরা এলাকায় জম্মু ও কাশ্মীর পুলিশের সঙ্গে যৌথ অভিযান চালায় সেনাবাহিনী। নিহত হয় ৪ জঙ্গি। অন্যদিকে উত্তর কাশ্মীরে সীমান্তরেখা বরাবর অনুপ্রবেশের চেষ্টা করেছিল ৫ জঙ্গি। খবর পেয়ে কেরান সেক্টর বরাবর অভিযান চালায় সেনাবাহিনী। এই পাঁচ জঙ্গিও সেনার গুলিতে নিহত হয়েছে। এই দুই অভিযানের পর এবার সোপরে খতম হয়েছে জইশের কম্যান্ডার সাজাদ আহমেদ দার।