দ্য ওয়াল ব্যুরো: সেনা জঙ্গি সংঘর্ষে উত্তপ্ত জম্মু-কাশ্মীরের কুলগাম। খতম হয়েছে এক জঙ্গি। কুলগামের দমহল হানজিপোরা এলাকায় সোমবার এনকাউন্টারে নিহত হয়েছে এই জঙ্গি।
গোপন সূত্রে নিরাপত্তাবাহিনীর কাছে খবর ছিল যে কুলগামের এই এলাকায় খুর গ্রামে লুকিয়ে রয়েছে অন্তত ২ জন কুখ্যাত জঙ্গি। এই সূত্র ধরেই তল্লাশি অভিযান শুরু করে ভারতীয় সেনাবাহিনী, সিআরপিএফ এবং জম্মু-কাশ্মীর পুলিশ।
গ্রামের যে বাড়িতে জঙ্গিরা গা-ঢাকা দিয়েছিল নিরাপত্তারক্ষীরা তার কাছাকাছি পৌঁছতেই তাদের উপস্থিতি টের পেয়ে এলোপাথাড়ি গুলি ছুড়তে শুরু করে জঙ্গিরা। পাল্টা জবাব দেন নিরাপত্তারক্ষীরাও। দু'পক্ষের গুলির লড়াইয়ে একজন জঙ্গি নিহত হয়েছে বলে জানিয়েছে সেনা।
আর কোনও জঙ্গি ওই এলাকায় লুকিয়ে রয়েছে কিনা তা জানতে জারি রয়েছে নিরাপত্তাবাহিনীর তল্লাশি অভিযান। কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে গোটা এলাকা। কুলগাম এবং সোপিয়ানে বন্ধ রয়েছে মোবাইল ইন্টারনেট পরিষেবা। নিরাপত্তাবাহিনীর তরফে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি। অন্যদিকে যে জঙ্গি খতম হয়েছে সে কোন জঙ্গি সংগঠনের সদস্য সে ব্যাপারে এখনও কিছু জানা যায়নি।
এক সপ্তাহ আগেই শ্রীনগর এনকাউন্টারে খতম হয়েছে হিজবুল মুজাহিদিনের দুই জঙ্গি। জানা যায়, তেহেরিক-ই-হুরিয়ত সংগঠনের চেয়ারম্যান মহম্মদ আশরাফ সেহরানির ছেলে জুনেইদ সেহরানি এই এনকাউন্টারে খতম হয়েছে। হিজবুলের কুখ্যাত কম্যান্ডার ছিল এই জুনেইদ। এই এনকাউন্টারে আহত হন এক সিআরপিএফ জওয়ান এবং দুই পুলিশকর্মী। নিহত হয়েছেন জম্মু ও কাশ্মীর পুলিশের এক কনস্টেবল।