দ্য ওয়াল ব্যুরো: ফের বন্দুকবাজের হামলা মার্কিন যুক্তরাষ্ট্রে। এ বার ঘটনাস্থল ম্যারিল্যান্ডের একটি কমপ্লেক্স। ভারতীয় সময় বৃহস্পতিবার রাতে এই হামলা হয় বলে জানা গিয়েছে।
মার্কিন সংবাদমাধ্যমের দাবি, এই ঘটনায় মৃত্যু হয়েছে ৩ জনের। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। মার্কিন সংবাদ মাধ্যমে খবর, প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন একজন মহিলা আচমকাই এলোপাথাড়ি গুলি করতে শুরু করে। যদিও মার্কিন পুলিশ এখনও হামলাকারী পুরুষ না মহিলা সে বিষয়ে নিশ্চিত কিছু বলেনি।
হারফোর্ড কাউন্টির শেরিফ জেফরি গাহলের জানিয়েছেন, স্থানীয় হাসপাতালে অনেকে গুরুতর আহত অবস্থায় চিকিৎসাধীন। আহতদের মধ্যে হামলাকারী রয়েছে কিনা সে বিষয়ে তদন্ত চলছে।
হামলার কয়েক মিনিটের মধ্যেই ঘটনাস্থলে পৌঁছয় মার্কিন পুলিশ। যায় বিপর্যয় মোকাবিলা দলও। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে।
মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলা নতুন কিছু নয়। কখনও বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, কখনও ভিড়ে ঠাসা শপিংমল। এ বার ম্যারিল্যান্ডের কমপ্লেক্স।