জীবনে কোনওদিন রাম রহিমের সঙ্গে দেখাই হয়নি : অক্ষয় কুমার
দ্য ওয়াল ব্যুরো : পবিত্র গ্রন্থ সাহিবকে অপবিত্র করার ঘটনায় নাম জড়িয়েছিল পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ও তাঁর ছেলে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টি
শেষ আপডেট: 12 November 2018 15:32
দ্য ওয়াল ব্যুরো : পবিত্র গ্রন্থ সাহিবকে অপবিত্র করার ঘটনায় নাম জড়িয়েছিল পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ও তাঁর ছেলে প্রাক্তন উপমুখ্যমন্ত্রী সুখবীর সিং বাদলের। দুজনকে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠিয়েছে স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম ( এসআইটি )। ওই একই ঘটনায় ডেকে পাঠানো হয়েছে বলিউডের খিলাড়ি অক্ষয় কুমারকেও। এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ অস্বীকার করলেন অক্ষয় কুমার।
২০১৫ সালের নভেম্বর মাসে পাঞ্জাবের বুরারি ও আসেপাশের গ্রামে শিখদের ধর্মগ্রন্থ 'গ্রন্থ সাহিবে'র প্রায় ১১০ টি ছেঁড়া পাতা পড়ে থাকতে দেখা যায়। এই ঘটনায় নাম জড়ায় ডেরা সচ্চা সওদা প্রধান গুরমীত রাম রহিমের। অভিযোগ ওঠে তাঁকে দিয়েই এই কাজ করিয়েছেন পাঞ্জাবের তৎকালীন মুখ্যমন্ত্রী প্রকাশ সিং বাদল ও তাঁর ছেলে সুখবীর সিং বাদল। বলিউড স্টার অক্ষয় কুমারেরও নাম জড়ায় এই ঘটনায়। অভিযোগ ওঠে তিনিই নাকি রাম রহিমের সঙ্গে সুখবীর সিং বাদলের পরিচয় করে দিয়েছিলেন।
পাঞ্জাবে কংগ্রেস সরকার ক্ষমতায় আসার পর মুখ্যমন্ত্রী অমরেন্দ্র সিং এ ব্যাপারে তদন্ত করার দায়িত্ব তুলে দেন 'স্পেশ্যাল ইনভেস্টিগেশন টিম' ( এসএইটি )-এর হাতে। এই ব্যাপারেই এসআইটি প্রকাশ সিং বাদল, সুখবীর সিং বাদল ও অক্ষয় কুমারকে ডেকে পাঠান। এই মাসেই তাঁদের এসআইটি'র সামনে হাজিরা দেওয়ার কথা।
এই ব্যাপারেই সোমবার অক্ষয় কুমার সাংবাদিকদের সামনে জানান, " আমার সঙ্গে কোনও দিন গুরমীত রাম রহিমের দেখাই হয়নি। তাই সুখবীর সিং বাদলের সঙ্গে আমি রাম রহিমের পরিচয় করিয়ে দিয়েছি, এই কথাটা সম্পূর্ণ কাল্পনিক।" তিনি আরও বলেন, " আমি সোশ্যাল মিডিয়ায় একদিন খবর পেয়েছিলাম গুরমীত রাম রহিম জুহুতে আমার বাড়ির কাছাকাছি এসে কয়েকদিন থেকেছিলেন। কিন্তু তাঁর সঙ্গে আমার কোনওদিন দেখাই হয়নি।" অক্ষয় কুমারের স্ত্রী টুইঙ্কল খান্না অবশ্য নিজের টুইটারে জানিয়েছিলেন, রাম রহিম জুহুতে তাঁদের বাড়ির কাছে থাকতে এসেছেন।
২০১৫ সালের নভেম্বর মাসে এই ঘটনায় পাঞ্জাবের ফরিদকোটে সাধারণ মানুষ বিক্ষোভ দেখান। জনতাকে শান্ত করতে গিয়ে পুলিশকে গুলি চালাতে হয়। এই ঘটনায় ২ জন মারা যান ও ৩৭ জন আহত হন। এরপরেই এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগ ওঠে প্রকাশ সিং বাদল, সুখবীর সিং বাদল ও অক্ষয় কুমারের উপর। সেই বিষয়েই এ দিন নিজের উপর ওঠা সব অভিযোগ অস্বীকার করলেন অভিনেতা।
যদিও এ ব্যাপারে পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্যাপ্টেন অমরেন্দ্র সিং জানিয়েছেন, এই হাজিরা দেওয়ার বিষয় সম্পূর্ণভাবে এসএইটি তদন্তকারী অফিসারদের সিদ্ধান্ত। এর সঙ্গে কংগ্রেস বা পাঞ্জাব সরকার কোনওভাবেই যুক্ত নয়। বর্তমানে ধর্ষণের ঘটনায় অভিযুক্ত হয়ে ২০ বছরের জেলের সাজা কাটছেন ডেরা সচ্চা সওদা প্রধান গুরমীত রাম রহিম।