দ্য ওয়াল ব্যুরো: পথের কুকুরকে কোলে তুলে তারপর ছুড়ে ফেলে দেওয়া হল লেকের জলে। আর এমন উদ্ভট কাণ্ড ঘটানো যুবক তারপর দিব্যি হাসতে হাসতে ভিডিওতে পোজও দিল। এমনই এক ভিডিও সম্প্রতি ভাইরাল হয়েছে। জানা গিয়েছে, এই ঘটনা মধ্যপ্রদেশের ভোপালের। সেখানকার শ্যামলা হিলস এলাকায় একটি বোটিং ক্লাব রয়েছে। সেই ক্লাবের লেকের চারধার রেলিং দিয়ে ঘেরা। লেকের পাশের ব্রিজের মতো জায়গায় দাঁড়িয়েই কুকুরটিকে জলে ছুড়ে ফেলেছে ওই যুবক।
ভিডিও দেখে বোঝা গিয়েছে সন্ধ্যা বা রাতের বেলায় এই ভিডিও তোলা হয়েছে, প্রথম লেকের পাশে খুব স্বাভাবিক ভাবেই হাঁটছিল ওই যুবক। তার পায়ের কাছে ঘুরঘুর করছিল দুটি দিশি কুকুর। তাঁদের মধ্যেই একটিকে কোলে তুলে নেয় যুবক। তার আগে অবশ্য দুটো কুকুরেরই মাথায় হাত বুকিয়ে দিতেও দেখা গিয়েছে যুবককে। কিন্তু এরপরেই ওরকম অদ্ভুত কাণ্ড ঘটায় যুবকটি। আচমকাই কোলে নেওয়া কুকুরটিকে ছুড়ে ফেলে দেয় সে। এরপর হাসতে হাসতে পোজ দেয় সামনে ফোন হাতে দাঁড়িয়ে থাকা কারও দিকে, যিনি ওই ভিডিও তুলছিলেন।
https://twitter.com/i/status/1305088800993886210
এই ভিডিও ছড়িয়ে পড়তেই তীব্র প্রতিবাদে গর্জে উঠেছেন পশুপ্রেমীরা। যুবকের গ্রেফতারির দাবি তুলেছে বিভিন্ন পশু সেবা সংগঠন। পশুপ্রেমীদের অনেকেই বলছেন, "একটা নিরীহ কুকুরকে এভাবে যে জলে ফেলে দিতে পারে সে কতটা নির্দয় বোঝাই যাচ্ছে।" কেউবা বলেছেন, "কুকুরটি বাঁচল না মরল সেসব না দেখে দিব্যি হেসে হেসে পোজ দিয়েছে এই যুবক। অবিলম্বে একে গ্রেফতার করা হোক।" যে এই ভিডিও শ্যুট করেছে তাকেও গ্রেফতারের দাবি জানিয়েছেন ক্ষুব্ধ নেটিজেনরা।
জানা গিয়েছে, বছর ২৯-এর ওই যুবকের নাম সলমন খান। ভোপালের টিলা জামালপুরা এলাকার বাসিন্দা এই যুবক একটি ফটো স্টুডিওতে কাজ করে। তবে ভিডিও ভাইরাল হওয়ার পর থেকে সে পলাতক। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। কবে এই ঘটনা ঘটেছিল সেই নির্দিষ্ট তারিখ এবং সময় এখনও জানতে পারেনি পুলিশ। তবে সলমনের বন্ধুদের কয়েকজনের দাবি, এই ভিডিও বেশ পুরনো। ভোপালের শ্যামলা হিলস থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধির ৪২৯ ধারায় মামলা দায়ের করা হয়েছে। জলে পড়ার পর কুকুরটির কী অবস্থা হয়েছে তা অবশ্য জানা যায়নি।