দ্য ওয়াল ব্যুরো: পথচলতি ষাঁড়কে বাঁচাতে গিয়ে উল্টে গেল যাত্রীবোঝাই মিনিবাস। রাজস্থানের নাগৌর জেলায় শনিবার ভোররাতে ঘটেছে এই দুর্ঘটনা। পুলিশ জানিয়েছে ভোর তিনটে নাগাদ এই দুর্ঘটনা ঘটেছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন ১০ জন। মৃত্যু হয়েছে ১২ জনের।
পুলিশ জানিয়েছে, মহারাষ্ট্রের লাতুর থেকে হরিয়ানার হিসারে যাচ্ছিলেন ওই বাসের যাত্রীরা। আচমকাই হাইওয়ের উপরে বাসের সামনে চলে আসে একটি ষাঁড়। সেটিকে বাঁচাতে গিয়েই ঘটেছে দুর্ঘটনা। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ষাঁড়টিকে পাশ কাটাতে গিয়েই আচমকা ব্রেক ধরেনি বাসে। ফলে নিয়ন্ত্রণ হারিয়ে বেসামাল হয়ে উল্টে যায় বাসটি।
পুলিশ জানিয়েছে মৃতদের মধ্যে রয়েছেন ৬ মহিলাও। আহতদের মধ্যে ৪ জনের অবস্থা গুরুতর হওয়ায় জয়পুরের এসএমএস হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের। বাকি ৬ জনের চিকিৎসা চলছে নাগৌরের হাসপাতালে।
কীভাবে এই দুর্ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে পুলিশ।