
শেষ আপডেট: 19 March 2024 17:06
দ্য ওয়াল ব্যুরো: গার্ডেনরিচে বেআইনি নির্মীয়মাণ বহুতল ভেঙে পড়ার ঘটনায় প্রোমোটারের বিরুদ্ধে খুন, খুনের চেষ্টা-সহ একাধিক ধারায় মামলা দায়ের করেছে কলকাতা পুলিশ। মহম্মদ ওয়াসিম নামে ওই প্রোমোটারকে সোমবারই গ্রেফতার করেছে পুলিশ। জেরায় তিনি স্বীকার করেছেন, পাঁচতলার উপরে গাঁথনি করতে গিয়েই দুর্ঘটনা হয়েছে। কিন্তু শুধু প্রোমোটার নয়, শহরের বুকে এত বড় দুর্ঘটনার দায় নিতে হবে প্রশাসনকেও, মঙ্গলবার গার্ডেনরিচের ঘটনাস্থলে গিয়ে সরকারের বিরুদ্ধে সুর চড়ালেন আইএসএফ বিধায়ক নওসাদ সিদিক্কি।
মঙ্গলবার দুর্ঘটনাস্থল ঘুরে দেখেন নওসাদ সিদ্দিকি। স্থানীয়দের সঙ্গে কথা বলেন আইএসএফ নেতা। এরপরই একগুচ্ছ বিষয়ে প্রশাসনকে তোপ দেগেছেন তিনি। নওসাদের অভিযোগ, যেভাবে জলাশয় বুজিয়ে অবৈধ নির্মাণ চলছে, এর ফলাফলের দায় নিতে হবে পুরসভা এবং প্রশাসনকে। গোটা ঘটনায় কেবল প্রমোটারকে গ্রেফতার নয়, এই ঘটনায় যাঁরা যুক্ত, সকলকে গ্রেফতার করতে হবে।
যাঁদের বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে, যাঁরা হারিয়েছেন স্বজন, তাঁদের দায় সরকারকে নিয়ে হবে বলেও এদিন সুর চড়ান নওসাদ। উদ্ধারকাজ আরও দ্রুত গতিতে হওয়া উচিত বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে ঘটনায় ক্ষতিপূরণ বাড়ানোরও দাবি তুলেছেন তিনি।
নির্মাণটি যে বেআইনি ছিল তা স্বীকার করে নিয়েছেন মুখ্যমন্ত্রী এবং মেয়র। পুকুর বুজিয়ে ৪ ফুটের রাস্তায় কীভাবে বহুতল নির্মাণ হচ্ছিল তা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রশাসন-পুরসভার নাকের ডগায় এই বেআইনি কাজ কীভাবে তারও কোনও সদুত্তর পাওয়া যায়নি।
মঙ্গলবার পর্যন্ত ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে ৯ জনের। আহত হয়েছেন বহু মানুষ। গুরুতর জখমদের হাসপাতালে চিকিৎসা চলছে। সোমবার রাত পর্যন্ত উদ্ধারকাজ চালিয়েছেন জাতীয় বিপর্যয় বাহিনীর সদস্যরা। আরও ১০ জনকে ধ্বংসস্তূপের নীচে থেকে বের করা হয়েছে।
রাতে আলোর অভাবে সাময়িকভাবে উদ্ধারকাজ বন্ধ ছিল। তবে সকাল হতেই ফের উদ্ধারকার্য শুরু হয়েছে। এখনও চারদিকে চাঙড়, লোহার জাল, বাঁশ, টিন আরও বহু কিছু স্তূপের মতো পড়ে রয়েছে। ফলে সেইসব সরিয়ে উদ্ধারকাজ চালাতে হচ্ছে।