
শেষ আপডেট: 4 February 2024 16:11
দ্য ওয়াল ব্যুরো, দক্ষিণ ২৪ পরগনার: ৩ দিন পরে পুকুর থেকে উদ্ধার হল নরেন্দ্রপুরের ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃতদেহ। এই ঘটনা গিয়ে তেতে উঠল এলাকা। পুলিশ দেহ উদ্ধার করতে গেলে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়ে। এমনকী পুলিশকে জনতার মারের মুখেও পড়তে হয়েছে বলে অভিযোগ।
স্থানীয়রা জানিয়েছেন, মৃত ওই ছাত্রের নাম অপ্রতিম দাস। তিনি মহামায়াতলা এলাকার বাসিন্দা। শুক্রবার তিনি একটি অনুষ্ঠান বাড়িতে গিয়েছিলেন। সেখান থেকে আর বাড়ি ফেরেননি। খোঁজাখুঁজির পরে ছেলের নিরুদ্দেশ বলে থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের লোকজন। পুলিশও তদন্ত শুরু করেছিল। কিন্তু রবিবার দুপুরে নরেন্দ্রপুরের ঢালিপাড়া এলাকার একটি পুকুরে ওই ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার দেহ ভেসে ওঠে।
এই ঘটনা চাউর হতেই পুলিশ সেখানে পৌঁছয়। তখনই এলাকা বাসিন্দারা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। অশান্ত হয়ে ওঠে এলাকা। পুলিশের ওই হামলাও হয় বলে অভিযোগ। মৃতদেহ উদ্ধার করতে গিয়ে বেগ পেতে হয় পুলিশকে। স্থানীয়দের অভিযোগ, তিনদিন ধরে ওই ছাত্র নিখোঁজ ছিল। কিন্তু পুলিশ তাঁকে খুঁজতে কোনও তৎপরতা দেখায়নি।
ছেলের মৃত্যুর খবর পেয়ে কান্নায় ভেঙে পড়েছেন ছাত্রের মা। শোকস্তব্ধ হয়ে পড়েছে গোটা এলাকা।