
শেষ আপডেট: 25 May 2023 09:47
দ্য ওয়াল ব্যুরো: জাপান থেকে পাপুয়া নিউগিনি হয়ে অস্ট্রেলিয়া সফর করে ফিরেই কাজে নেমে পড়লেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। উদ্বোধন করলেন নয়াদিল্লি-দেরাদুন বন্দে ভারত এক্সপ্রেসের (Narendra Modi inaugurated new Vande Bharat Express)।
এমনিতে নয়াদিল্লি থেকে দেরাদুন খুবই জনপ্রিয় রুট (New Delhi to Dehradun)। শুধু দিল্লিবাসীদের জন্য নয়, বাঙালিদের কাছেও। হরিদ্বার-হৃষিকেশ বা কেদার-বদ্রী যেতে চাইলে আর দুন বা উপাসনা এক্সপ্রেসে টিকিট না পেলে বাঙালি দিল্লি হয়েই যেত। এবার সেদিকে মিলবে বাড়তি স্বাচ্ছন্দ্য। হাওড়া থেকে দিল্লি গিয়ে সরাসরি বন্দে ভারতে চেপেই পৌঁছে যাওয়া যাবে একেবারে গাড়োয়াল হিমালয়ের দেবভূমিতে।
বন্দে ভারতের নতুন রেকটি আগেরগুলোর মতই তৈরি হয়ে এসেছে চেন্নাইয়ের ইন্টিগ্রাল কোচ ফ্যাক্টরি থেকে। থাকছে অতি উন্নতমানের সবরকম সুযোগ সুবিধে। মাত্র সাড়ে চার ঘন্টাতেই পৌঁছে যাওয়া যাবে দেরাদুনে। আজ দেরাদুন স্টেশনে এই উপলক্ষ্যে উপস্থিত ছিলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণো ও উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী।
ইতিমধ্যেই দিল্লি ও দেরাদুনের মধ্যে রয়েছে একাধিক দ্রুতগামী ও অতি দ্রুতগামী ট্রেন। রয়েছে শতাব্দী এক্সপ্রেস, জন-শতাব্দী এক্সপ্রেস। শতাব্দী এক্সপ্রেস ছিল এতদিন সবচেয়ে উঁচুদরের ট্রেন। নয়াদিল্লি থেকে ছাড়তো সকাল পৌনে সাতটায়, দুপুর একটার মধ্যে পৌঁছে যেত দেরাদুন। জনশতাব্দী এক্সপ্রেস আরও কম সময়ে, ৫ ঘন্টা ৫০ মিনিটে যেত এই দুরত্ব। তবে দুটি ট্রেনই ছাড়ত নয়াদিল্লি স্টেশন থেকে। যা অনেক বেশি সুবিধেজনক জায়গায়। নতুন বন্দে ভারত ছাড়বে যমুনার ওপারে, আনন্দ বিহার টার্মিনাল স্টেশন থেকে।
নতুন বন্দে ভারত ছাড়বে বিকেল ৫ টা বেজে ৫০ মিনিটে। থামবে মেরঠ, মুজফফরনগর, সাহারানপুর, রুরকি ও হরিদ্বারে। রাত ১০ টা ৩৫ মিনিটে ঢুকবে দেরাদুনে। এসি চেয়ার কারের ভাড়া হবে ১০৬৫ টাকা। তুলনায় শতাব্দীর এসি চেয়ার কারের ভাড়া ৭১০ টাকা। জনশতাব্দীতে এসি চেয়ার কার আরও খানিক সস্তা, ৫৩৫ টাকা।
মোদী সাতসকালে দিল্লি পৌঁছে বিমানবন্দরেই সভা করলেন, বার্তা দিলেন বিরোধীদের