
শেষ আপডেট: 15 March 2025 16:55
দ্য ওয়াল ব্যুরো, মুর্শিদাবাদ: বিতর্কিত তৃণমূল বিধায়ক শোকজের জবাব দিলেন অবশেষে। তবে স্পষ্ট করে দিলেন, তিনি কোনও অন্যায় করেননি। তাই ক্ষমা চাওয়ার কোনও প্রশ্ন নেই।
শোকজের জবাব দেওয়ার জন্য আগে সোমবার পর্যন্ত সময় চেয়েছিলেন। তবে নিজেই আর অপেক্ষা করলেন না ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। শনিবার সকালেই পরিষদীয় মন্ত্রী তথা তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটির চেয়ারম্যান শোভনদেব চট্টোপাধ্যায়কে শোকজ়ের জবাব দিয়েছেন প্রাক্তন মন্ত্রী। তাতে হুমায়ুন জানান, তিনি তাঁর মন্তব্যের জন্য ক্ষমা চাইছেন না। কারণ তাঁর মন্তব্যের মাধ্যমে তিনি দলের শৃঙ্খলাভঙ্গ করেছেন বলে তিনি মনে করেন না।
সম্প্রতি রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মন্তব্যের বিরোধিতা করেছিলেন হুমায়ুন কবীর। এবং সেই প্রসঙ্গেই এমন কিছু মন্তব্য করেছিলেন যার জেরে তাঁকে শোকজ করে তৃণমূলের শৃঙ্খলারক্ষা কমিটি। তৃণমূল সূত্রে খবর, হুমায়ুনের মন্তব্যের প্রেক্ষিতে তৃণমূলের সর্বময় নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁকে শো কজ়ের নির্দেশ দেন। তারপর গত বৃহস্পতিবার তৃণমূল বিধায়ককে শোকজ়ের চিঠি পাঠিয়ে দেয় তাঁর দল।
শুক্রবার শোভনদেব জানান, হুমায়ুনকে চিঠি পাঠানো হয়েছে। তার প্রমাণ তাঁদের কাছে রয়েছে। বিধায়ককে ২৪ ঘণ্টার মধ্যে জবাব দিতে বলা হয়েছিল। যদি নির্দিষ্ট সময়ের মধ্যে তিনি উত্তর না দেন, তা হলে দল পরবর্তী সিদ্ধান্ত নেবে। শুক্রবার রাতে হুমায়ুনকে ফোনও করেন শোভনদেব। তখন সোমবার পর্যন্ত সময় চেয়েছিলেন হুমায়ুন। তবে শেষ পর্যন্ত শুক্রবার রাতেই তিনি শো কজ়ের জবাব দিয়েছেন বলে জানিয়েছেন।
তৃণমূল বিধায়কের কথায়, ‘‘শুক্রবার রাত ৮টা ১২ মিনিট নাগাদ আমার সঙ্গে কথা হয় শোভনদেববাবুর। তারপর আমি শোকজ় চিঠি দেখি। এক পাতার শোকজ় চিঠি দিয়েছিল। আমি দু’পাতার জবাব দিয়েছি। যে হোয়াট্সঅ্যাপ নম্বর থেকে শোকজের চিঠি পাঠানো হয়েছিল, সেই নম্বরে পিডিএফ ফাইলে আমি ৯টা ৩৫ মিনিটে আমার জবাব পাঠিয়ে দিয়েছি।’’
হুমায়ুনের দাবি, তাঁর ১০ মিনিট ২৯ সেকেন্ডের একটি বক্তব্যের মধ্যে শুধুমাত্র ৩১ সেকেন্ডের একটি ভিডিয়োর জন্য তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে। তিনি বলেন, ‘‘দলের পক্ষ থেকে শোভনদেব চট্টোপাধ্যায় মাত্র সাত লাইনে আমার কাছে আমার বক্তব্যের ব্যাখ্যা চেয়েছিলেন। ৩১ সেকেন্ডের নির্দিষ্ট বক্তব্যে তৃণমূল দলের ভাবমূর্তি নষ্ট হয়েছে ও দলের ক্ষতি হয়েছে বলে আমাকে জানানো হয়েছে। আমি তার জবাব দিয়েছি। আমি দলীয় শৃঙ্খলা ভেঙেছি, এমনটা মনে করি না।’’