
নিজস্ব ছবি
শেষ আপডেট: 12 January 2025 19:29
দ্য ওয়াল ব্যুরো: ফরাক্কার শংকরপুর ফিডার ক্যানেল ঘাট থেকে উদ্ধার হল এক ইঞ্জিনিয়ারিং পড়ুয়ার মৃতদেহ। প্রায় সাতদিন ধরে নিখোঁজ ছিলেন তিনি। রবিবার দুপুরে স্থানীয়রা ওই ছাত্রীর দেহ জলে ভেসে থাকতে দেখেন। পুলিশে খবর দেওয়া হয়। পুলিশ এসে দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
মৃতের নাম দীপ্তি ভগত (২২)। তিনি মালদহ জেলার হরিশ্চন্দ্রপুর এলাকার বাসিন্দা। ঝাড়খণ্ডের দুমকার একটি বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজের ছাত্রী ছিলেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, দীপ্তি প্রায় এক সপ্তাহ আগে বাড়ি থেকে কলেজে যাওয়ার উদ্দেশে রওনা দিয়েছিলেন। শেষবারের মতো দেখা গিয়েছিল ফরাক্কা স্টেশনের কাছে। পাওয়া গিয়েছিল ব্যাগ ও পার্স। তাঁর কোনও খোঁজ পাওয়া যায়নি।
এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। দীপ্তির পরিবারের সঙ্গে কথা বলে পুলিশ মৃত্যুর কারণ বোঝার চেষ্টা করছে। কথা বলছে স্থানীয়দের সঙ্গেও।
ফরাক্কা থানার পুলিশ ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে এবং ময়নাতদন্তের রিপোর্টের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানানো হয়েছে।