
ছবি, সৌজন্যে সংবাদসংস্থা।
শেষ আপডেট: 26 April 2025 09:00
দ্য ওয়াল ব্যুরো: গত মঙ্গলবারের পর থেকে ক্রমশ বদলে যাচ্ছে ভারত-পাকিস্তানের সম্পর্ক। কাশ্মীরের পহেলগামে (Pahelgam) জঙ্গিদের হাতে ২৬ জন পর্যটক হত্যার ঘটনার পর পাকিস্তানিদের ভিসা বাতিল-সহ একাধিক পদক্ষেপ করেছে ভারত। পাল্টা হুঁশিয়ারি দিয়েছে পাকিস্তানও।
সীমান্তের নিয়ন্ত্রণ রেখায় চড়ছে উত্তেজনা। বৃহস্পতির পর শুক্রবার রাতভরও সেখানে চলেছে গুলির লড়াই। যুদ্ধ যুদ্ধ আবহে বিপাকে পড়ে গিয়েছেন দুই সন্তানকে নিয়ে চিকিৎসার জন্য় ভারতে আসা এক পাকিস্তানি বাবা।
একটি সংবাদ সংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে ওই ব্যক্তি জানিয়েছেন, জন্ম থেকেই তাঁর ৯ ও ৭ বছর বয়সি দুই সন্তানের হৃদযন্ত্রে সমস্যা রয়েছে। উন্নত চিকিৎসার জন্য এপ্রিলের শুরুতেই দুই সন্তানকে নিয়ে ভারতে এসেছিলেন।
লাহোরের ওই ব্যক্তি সংবাদসংস্থাকে জানিয়েছেন, এপ্রিলের শুরুতেই দুই সন্তানকে নিয়ে ভারতে আসেন তিনি। ইতিমধ্যে প্রায় এক কোটি টাকা খরচও হয়ে গিয়েছে দুই সন্তানের চিকিৎসায়।
তাঁর কথায়, "হাসপাতাল ও চিকিৎসকরা সব ধরনের সহযোগিতা করছেন। কিন্তু কাশ্মীরের ঘটনার জেরে পুলিশ বিদেশ দফতর আমাদের দ্রুত দিল্লি ছাড়ার নির্দেশ দিয়েছে। এভাবে মাঝ পথে চিকিৎসা বন্ধ করে নিয়ে গেলে সন্তান দুটো তো বাঁচবে না।" কান্নায় বুজে যায় অসহায় পিতার গলা।
সংশ্লিষ্ট সংবাদসংস্থার তরফে জানানো হয়েছে, এ ব্যাপারে পুলিশের সঙ্গে হাসপাতালের পক্ষ থেকে যোগাযোগ করা হয়েছে। পুলিশের মাধ্যমে দুই দেশের কর্মকর্তাদের কাছে ভারতে কিছুদিন থাকার আবেদন জানিয়েছেন অসহায় পিতা। তবে সন্ত্রাসবাদের প্রশ্নে পাকিস্তানকে প্রশ্রয় না দেওয়ার কথা আগেই জানিয়েছে ভারত। ফলে যুদ্ধংদেহী আবহে অসহায় পিতা আদৌ ভারতে থাকার অনুমতি পাবেন কিনা, তা নিয়ে সংশয় রয়েছে সব মহলেই।