দ্য ওয়াল ব্যুরো : বিনোদন জগতে যৌন হেনস্থাকারীর অভাব নেই। কিন্তু মেয়েরা মুখ খুলতে সাহস পায় না। তবে এবার একে একে আরও অনেকে মুখ খুলবে। এমনই দাবি করেছেন অভিনেত্রী তনুশ্রী দত্ত।
তাঁকে প্রশ্ন করা হয়, নানা পাটেকর ও বিবেক অগ্নিহোত্রী আপনাকে যে আইনি নোটিশ পাঠিয়েছেন, সে ব্যাপারে কী করবেন?
তিনি বলেন, আমি ভাবতেই পারছি না, যারা অপরাধী, তারা কীভাবে আইনি নোটিশ পাঠাতে পারে?অভিযোগ করলাম আমি, আর তারা কিনা আমার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার ভয় দেখাচ্ছে।
তাঁকে প্রশ্ন করা হয়, শক্তি কাপুর বা গজেন্দ্র চৌহানের মতো প্রবীণ ব্যক্তিরা তো আপনার অভিযোগ নিয়ে মজা করেছেন।
তিনি বলেন, কী আর বলার আছে? এই মানসিকতার পরিবর্তন হওয়া দরকার। আমাদের সমাজে পুরুষরা মনে করে, নারীদের অপমান করা তাদের জন্মগত অধিকার।
তাঁকে প্রশ্ন করা হয়, কোন পরিস্থিতিতে আপনি যৌন হেনস্থা নিয়ে মুখ খুললেন?
তিনি বলেন, আমি সচেতনভাবে কিছু করিনি। ভারতে ছুটি কাটাতে এসেছিলাম। সাংবাদিকরা আমাকে কর্মক্ষেত্রে যৌন হেনস্থা নিয়ে জিজ্ঞাসা করেছিলেন। আমি তখন ২০০৮ সালের ঘটনার উল্লেখ করেছিলাম।
তাঁকে প্রশ্ন করা হয়, আরও অনেকে যে আপনাকে সমর্থন করছে না, এতে কি আপনি হতাশ হয়েছেন?
তিনি বলেন, ১০ বছর আমি আধ্যাত্মিক জগতে। ছিলাম এখন আমি কোনও ধর্মে বিশ্বাসী নই। আমি জীবনের মানে খুঁজে পেতে চাই। তবে আমার ধারণা আগামী দিনে আরও অনেকে মুখ খুলবে ।