.jpeg)
প্রতীকী ছবি
শেষ আপডেট: 29 March 2025 12:17
দ্য ওয়াল ব্যুরো: গত বছরের শেষের দিকে পূর্ব মেদিনীপুরে (Purba Medinipiur) রাস উৎসবে প্রসাদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছিলেন শতাধিক গ্রামবাসী। সেই স্মৃতিই ফিরল কাঁথি ২ নম্বর ব্লকে।
বৃহস্পতিবার কাঁথি (Contai) ২ নম্বর ব্লকের বামুনিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় পুজোর প্রসাদ খেয়ে একের পর এক গ্রামবাসী অসুস্থ হয়ে পড়েন। এখনও অবধি সংখ্যাটা ৭০ জনের বেশি। ৫৫ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কাঁথি মহকুমা হাসপাতালে ভর্তি (Admitted in Hospital) করা হয়েছে।
কাঁপুনি দিয়ে জ্বর, বমি, পেট ব্যথা, ডায়েরিয়া, গা-হাত-পা ব্যথার সমস্যা রয়েছে আক্রান্তদের। তবে এখনও বোঝা যাচ্ছে না প্রসাদ থেকে কীভাবে বিষক্রিয়া হল। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
এর আগে একই অবস্থা হয়েছিল রামনগরে রাস উৎসবে। সেই বার মালঞ্চ গ্রামের গোষ্ঠমেলা প্রাঙ্গণের রাস উৎসবে চিঁড়ে প্রসাদ বিতরণ করা হয়েছিল। কয়েকশো পুণ্যার্থী এবং দর্শনার্থী ওই প্রসাদ খান।
অভিযোগ, তার পর থেকে একে একে অসুস্থতার খবর আসতে শুরু করে। সবারই উপসর্গ প্রায় একই, পেটে ব্যথা, বমি, বমিভাব, গা-হাত-পা ব্যথা। সেই বার ১০০-র বেশি মানুষ বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্র এবং হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। ফের একই ঘটনা ঘটল বামুনিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়।