
শেষ আপডেট: 9 April 2025 18:24
দ্য ওয়াল ব্যুরো, পূর্ব মেদিনীপুর: মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর ভরসা রাখার জন্য চাকরিহারা শিক্ষকদের পরামর্শ দিলেন ফিরহাদ হাকিম(Firhad Hakim)। বললেন, "যে যাই বলুক না কেন আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের(mamata bandopadhya) উপর ভরসা রাখুন। সব ঠিক হয়ে যাবে।"
বুধবার হলদিয়া উন্নয়ন পর্ষদের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। এখানেই তিনি বলেন, "বিরোধীরা, সোশ্যাল মিডিয়ায় নানা ভিডিও তুলে ধরছে। তাতে পা না দিয়ে মুখ্যমন্ত্রী যা বলেছেন সেই মতো স্কুলে যান এবং কাজে যোগদান করুন। মুখ্যমন্ত্রী যখন বলেছেন তখন সব ঠিক হয়ে যাবে। কোথায় কী হচ্ছে সে সব কান দেওয়ার দরকার নেই।"
সুপ্রিম কোর্টের রায়ে সম্প্রতি রাজ্যের প্রায় ২৬ হাজার শিক্ষক ও অশিক্ষক কর্মচারির চাকরি গিয়েছে। তারপর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। চাকরি ফিরে পাওয়ার দাবিতে পথে নেমেছেন চাকরিহারা শিক্ষক ও অশিক্ষক কর্মীরা। জেলায় জেলায় চলছে বিক্ষোভ-আন্দোলন। তাঁদের দাবি, তাঁরা কোনও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিলেন না। তারপরেও তাঁদের রাস্তায় নামতে হল। অযোগ্যদের বাতিল করে যোগ্যদের চাকরি ফিরিয়ে দিতেই হবে।
বিক্ষোভ দেখাতে গিয়ে বুধবার কসবা ডিআই অফিসে নিগৃহিত হতে হয় চাকরিহারাদের। এই ঘটনায় পুলিশের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠেছে। এই প্রসঙ্গে প্রশ্ন করা হলে মন্ত্রী অবশ্য বলেন, "এই বিষয়ে আমার কিছু জানা নেই। সোশ্যাল মিডিয়ায় অনেক ভুয়ো ভিডিও ছড়ায়।"