
ফাইল ছবি।
শেষ আপডেট: 21 January 2025 19:09
দ্য ওয়াল ব্যুরো: ভয়াবহ অগ্নি সংযোগের ঘটনা ঘটল ব্যারাকপুরের শপিং মলে। মঙ্গলবার দুপুরে আচমকাই ঘোষপাড়া রোডের একটি শপিং মলে আগুন লেগে যায়। মুহুর্তে তা বীভৎস রূপ নেয়।
স্থানীয় সূত্রের খবর, শপিং মল থেকে পাশের রেস্তোরাঁতেও ছড়িয়ে পড়েছে আগুন। ক্ষতিগ্রস্ত আশেপাশের কয়েকটি বাড়িও। ইতিমধ্যে আগুন নেভাতে ঘটনাস্থলে পৌঁছেছে দমকলের একাধিক ইঞ্জিন। তবে এলাকাটি ঘিঞ্জি হওয়ায় আগুন নিয়ন্ত্রণে আনতে রীতিমতো বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের।
একেবারে রাস্তার ওপরে শপিং মল থাকায় অগ্নি সংযোগের জেরে সংশ্লিষ্ট রাস্তায় যান চলাচলও কার্যত অবরুদ্ধ হয়ে গিয়েছে। খবর পেযে পরে ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বিধায়ক-পরিচালক রাজ চক্রবর্তী এবং ব্যারাকপুরের চেয়ারম্যান উত্তম দাস। রাজ বলেন, "কীভাবে আগুন লাগলো, তা খতিয়ে দেখছেন দমকল কর্মীরা।"
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, এদিন দুপুরে আচমকা শপিং মলের একটি কাপড়ের স্টোর থেকে কালো ধোঁয়া বের হতে দেখা যায়। কয়েক মুহূর্তের মধ্যে তা দাউ দাউ করে ছড়িয়ে পড়ে। আতঙ্কে শপিং মলের কর্মীরা বাইরে বেরিয়ে আসেন। ইতিমধ্যে দমকলের কর্মীরা ভেতরে ঢুকে আগুন নেভানোর চেষ্টা করছেন। ভিতরে কেউ আটকে রয়েছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়।
আশেপাশে একাধিক দোকান এবং প্রচুর বাড়ি রয়েছে। আগুন ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরও ভয়াবহ আকার নিতে পারে। ইতিমধ্যে যুদ্ধকালীন তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন দমকল কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছে টিটাগড় থানার পুলিশও। সমগ্র এলাকা কার্যত কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অদূরেই রয়েছে ব্যারাকপুর রেল স্টেশন।