
শেষ আপডেট: 7 January 2024 14:28
দ্য ওয়াল ব্যুরো: রবিবার সকালে ফের ফেসবুকে 'বিদ্রোহ' করলেন তৃণমূল বিধায়ক মনোরঞ্জন ব্যাপারী। আজ ৭ জানুয়ারি, সন্ধেবেলা ফেসবুক লাইভে আসার কথা ছিল তাঁর। কেন তিনি বলাগড় বিধানসভা থেকে দূরে বসে আছেন, তা জানাবেন বলে ঘোষণা করেছিলেন দলিত সাহিত্যিক তথা বিধায়ক মনোরঞ্জন। কিন্তু ঠিক তার আগেই ফেসবুকে পোস্ট করলেন তিনি। সেখানে মনোরঞ্জন নিজেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের 'অনুগামী' বলে দাবি করেন। তারপরই সঠিক তদন্তের দাবি জানান।
কী নিয়ে তদন্ত চেয়েছেন বলাগড়ের বিধায়ক? যুব তৃণমূলনেত্রী রুনা খাতুনের সঙ্গে মনোরঞ্জনের বিবাদ অনেকদিনের। বিধায়ক রুনার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছিলেন। তাঁর দাবি, রুনা এক স্কুলে অবৈধভাবে চাকরি পেয়েছেন। কীভাবে তিনি চাকরি পেলেন, কে তাঁকে চাকরির ব্যবস্থা করে দিলেন? কীভাবে বছরের পর বছর ডিউটি না করে মাইনে নিয়েছে? এইসব অভিযোগই তুলেছিলেন মনোরঞ্জন। এদিনের পোস্টে তিনি বলেন, তাঁর অভিযোগ খতিয়ে দেখে উপযুক্ত তদন্ত হোক। 'সঠিক' তদন্ত করে ব্যবস্থা নেওয়ার জন্য দু'দিন সময়ও দিলেন মনোরঞ্জন।
তবে দু'দিনের মধ্যে 'সঠিক বিচার' না পেলে বলাগড়বাসীকে সঙ্গে নিয়ে বৃহত্তর আন্দোলনে নামবেন বলেও জানান মনোরঞ্জন। পোস্টে তিনি লিখেছেন, 'দলের দিকে তাকিয়ে দেখব আর একটা দু'টো দিন। সঠিক বিচার না পেলে তারপর দলমত নির্বিশেষে সমস্ত সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে শুরু করব বলাগড় বাঁচাও, দুস্কৃতী হঠাও জনজাগরণ আন্দোলন। তৈরি থাকুন! সতেরোটা অঞ্চল জুড়ে পদযাত্রা করব। থানার সামনে, বিডিও আফিসের সামনে বিক্ষোভ হবে, হবে প্রতীকী চাক্কা জ্যাম।'
ফেসবুক পোস্টের শুরুতেই মনোরঞ্জন, রুনা ও তাঁর স্বামীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলেছেন। তিনি লেখেন, যে দলীয় কার্যালয়ে বসে আজ তাঁর ফেসবুক লাইভ করার কথা, সেই কার্যালয়ে গতকাল রাতে হামলা চালানো হয়। শুধু তাই নয়, এক পঞ্চায়েত কর্মীর বাড়িও ভাঙা হয়েছে। মারধর করা হয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল বিধায়ক।
তবে তাঁর অনুগামীদের পাল্টা হামলার পরিকল্পনা নিতে বারণ করেছেন মনোরঞ্জন। সকলকে এখন শান্ত থাকতে বলেছেন তিনি। সেইসঙ্গে ভাঙচুরের ঘটনা নিয়ে থানায় লিখিত অভিযোগ জানানোর পরামর্শ দিয়েছেন বলাগড়ের তৃণমূল বিধায়ক।
তিনি আরও লেখেন, 'আমি দলের এক অনুগত সৈনিক, দিদি মমতা ব্যানার্জীর অন্ধভক্ত। আবারও বলছি- অন্ধভক্ত। দিদির আদেশ আমার কাছে 'ভগবানের' আদেশ। বিধায়ক পদ তো অতি তুচ্ছ, যদি দিদি বলেন, তার চেয়ে যদি বড় কিছু থাকে তাও তাঁর আদেশে এক মুহুর্তে বিসর্জন দিতে দু'বার ভাবব না।' পোস্টের শেষে মমতার পাশাপাশি অভিষেক বন্দ্যোপাধ্যায়েরও নাম নিয়েছেন মনোরঞ্জন। এদিন সন্ধেবেলা তিনি লাইভে আসবেন কিনা তা স্পষ্ট করেননি তিনি।